কুমিল্লায় চিকিৎসক হত্যা মামলার আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ হাসিবুল হক হাসান ওরফে ইমন হত্যা মামলার প্রধান আসামি নূরে আবাদ ওরফে বিড়ি সোহাগকে (৩০) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 
গতকাল বুধবার দুপুর ১২টার দিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ভল্লবপুর এলাকার সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি নগরের পশ্চিম বাগিচাগাঁও এলাকায়। তিনি বিলুপ্ত সদর দক্ষিণ পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল কাইয়ুম ও বাদুরতলা এলাকার অন্তু হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি।
এর আগে গত ৬ আগস্ট এ মামলার অপর আসামি সদর দক্ষিণ উপজেলার দৈয়ারা গ্রামের আফছাদুল হক ওরফে রাজুকে গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ এপ্রিল সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের একটি আবাসিক ভবনের নিচতলার একটি কক্ষ থেকে হাসিবুল হক হাসানের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এরপর পুলিশ তদন্ত করে হত্যাকাণ্ডে জড়িত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। ওই চিকিৎসক এবং গ্রেপ্তারকৃত দুই আসামি মাদকাসক্ত ছিলেন। ৩ এপ্রিল রাত ১২টার দিকে মাদকের বিষয় নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কির একপর্যায়ে খাটের কোনায় লেগে হাসিবুল মাথায় আঘাত পান। পরে দুই আসামি বালিশচাপা দিয়ে তাঁর মৃত্যু নিশ্চিত করে চলে যায়। হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা গ্রেপ্তার হওয়া দুই আসামি পুলিশের কাছে স্বীকার করেছে।
মামলার তদন্ত কর্মকর্তা ও কুমিল্লা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক ইকবাল বাহার মজুমদার জানান, আজ বৃহস্পতিবার নূরে আবাদকে আদালতে হাজির করা হবে।