কুমিল্লার এক ইউপিতে ১৮ চেয়ারম্যান প্রার্থী
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ১৮ জন প্রার্থী হয়েছেন। এর মধ্যে দলীয় প্রার্থী দুজন। বাকি ১৬ জনই স্বতন্ত্র প্রার্থী। যার মধ্যে একজন নারীও রয়েছেন। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ছয়জন আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন। একজন বিএনপির রাজনীতি করেন। অপর নয়জন স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সঙ্গে জড়িত। চতুর্থ ধাপে ২৬ ডিসেম্বর ওই নির্বাচনের ভোট গ্রহণ হবে।
প্রার্থীদের মধ্যে বড়ধুশিয়া গ্রামের ছয়জন, চান্দলা গ্রামের পাঁচজন, দক্ষিণ চান্দলা গ্রামের চারজন এবং ধলগ্রামের তিনজন রয়েছেন। চেয়ারম্যান পদের দলীয় প্রার্থীরা হলেন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোস্তবা আলী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মো. নাছির ভূঁইয়া।
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা হলেন উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসরাফিল ভূঁইয়া (টেলিফোন প্রতীক), উপজেলা যুবলীগের সদস্য প্রবাসী ওমর ফারুক (কাপ-পিরিচ প্রতীক), সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আরিফুল ইসলাম ভূঁইয়া (ঘোড়া প্রতীক), ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. বিল্লাল হোসেন খান (গিটার প্রতীক), ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক মোসা. আলেয়া বেগম (দোয়াত-কলম প্রতীক) এবং ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সুলতান আহাম্মদ খান (মোটরসাইকেল প্রতীক)। দুটি পাতা প্রতীকের প্রার্থী মো. আবদুস সাত্তার সরকার ইউনিয়ন বিএনপির সভাপতি।
যাঁরা নির্বাচনে দলের বাইরে গিয়ে প্রার্থী হয়েছেন, তাঁদের নিষ্ক্রিয় করার চেষ্টা করা হচ্ছে। অনেকে প্রার্থী হলেও মাঠে সেইভাবে সক্রিয় নেই।
অপর ৯ স্বতন্ত্র প্রার্থী হলেন ঢোল প্রতীকের বাছির আহাম্মদ, টেবিল ফ্যান প্রতীকের মোহাম্মদ শাহিনুর আলম, অটোরিকশা প্রতীকের মো. আনোয়ার হোসেন, আনারস প্রতীকের মো. গোলাম ছারওয়ার ভূঁইয়া, রজনীগন্ধা প্রতীকের মো. ছাদেকুর রহমান, ব্যাটারি প্রতীকের মো. ছালাউদ্দিন, চশমা প্রতীকের মো. জসিম উদ্দিন, রেডিও প্রতীকের মো. রফিকুল ইসলাম রশিদ ও টাইপরাইটার প্রতীকের হাবিবুর রহমান।
একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী মোসা. আলেয়া বেগম বলেন, ‘জয়ের ব্যাপারে আশাবাদী। এটা স্থানীয় সরকার নির্বাচন। দোয়াত-কলমে ভোটাররা ভোট দেবেন।’ দুটি পাতা প্রতীকের প্রার্থী মো. আবদুস সাত্তার সরকার বলেন, ‘নির্বাচনের মাঠে আছি। সুষ্ঠু নির্বাচন হলে জয়ী হব।’ আওয়ামী লীগের প্রার্থী মোস্তবা আলী বলেন, ‘প্রার্থীর তালিকা দীর্ঘ হলেও দিন শেষে ভোটাররা স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক নৌকাকে বেছে নেবেন।’
এক ইউপি নির্বাচনে এত প্রার্থী বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও শিদলাই আমির হোসেন জোবেদা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলাম বলেন, পাঁচবারের সাংসদ ও মন্ত্রী আবদুল মতিন খসরু মারা যাওয়ার পর দল কিছুটা অগোছালো হয়ে পড়ে। অনেক জায়গায় সিদ্ধান্তহীন অবস্থা দেখা দেয়। এতে করে যে যাঁর মতো করে নির্বাচনে প্রার্থী হয়ে যান।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর খান চৌধুরী বলেন, যাঁরা নির্বাচনে দলের বাইরে গিয়ে প্রার্থী হয়েছেন, তাঁদের নিষ্ক্রিয় করার চেষ্টা করা হচ্ছে। অনেকে প্রার্থী হলেও মাঠে সেইভাবে সক্রিয় নেই।