কুমিল্লার কোভিড হাসপাতালে এক দিনে ১০ জনের মৃত্যু
কুমিল্লার কোভিড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১০ জন মারা গেছেন। এই হাসপাতালে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটি। তাদের সাতজন পুরুষ ও তিনজন নারী। এ নিয়ে এই হাসপাতালে মৃত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৩৬১ জনে।
কুমিল্লার কোভিড হাসপাতালে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি ও কাশি নিয়ে আজ সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় এক অধ্যক্ষসহ মারা গেছেন ১০ জন। তাদের মধ্যে সাতজন পুরুষ ও তিনজন নারী। এ নিয়ে এই হাসপাতালে মৃত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৩৬১ জনে। হাসপাতালের পরিচালক মো. মুজিবুর রহমান এ তথ্য জানিয়েছেন।
করোনার উপসর্গ নিয়ে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটি।
হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) গতকাল রোববার দুপুর পৌনে ১২টায় কুমিল্লার চান্দিনা উপজেলার ৬৫ বছরের এক পুরুষ, রাত সাড়ে আটটায় কুমিল্লা নগরের ৩০ বছর বয়সী এক নারী, রাত সাড়ে নয়টায় দেবীদ্বার উপজেলার ৪০ বছর বয়সী এক নারী, রাত পৌনে একটায় কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার উত্তর হাওলা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মাকসুদুর রহমান (৬০) মারা যান। এ ছাড়া রাত পৌনে তিনটায় চৌদ্দগ্রাম উপজেলার ৫০ বছরের এক পুরুষ এবং রাত দুইটা ৫০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ এলাকার ৫৫ বছরের এক পুরুষ মারা গেছেন।
কুমিল্লার কোভিড হাসপাতালে মৃত ১০ জনের সাতজন পুরুষ ও তিনজন নারী। সব মিলিয়ে এই হাসপাতালে মৃতের সংখ্যা ৩৬১ জন।
এদিকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে গতকাল রোববার রাত ১০টায় চান্দিনা উপজেলার ৭৫ বছরের এক পুরুষ ও রাত সোয়া একটায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ৬০ বছরের এক পুরুষ মারা যান। হাসপাতালের করোনা ওয়ার্ডে গতকাল বেলা পৌনে ১১টায় কুমিল্লার বরুড়া উপজেলার সোমারগাঁও এলাকার ৬০ বছরের এক নারী এবং রাত সাড়ে আটটায় লাকসাম উপজেলার ৬০ বছরের এক পুরুষ মারা গেছেন।
হাসপাতালের পরিচালক মো. মুজিবুর রহমান বলেন, উপসর্গ নিয়ে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটি। অধ্যক্ষ মাকসুদুর রহমানকে গতকাল সকাল ১০টায় ভর্তি করা হয়েছিল। রাত সোয়া ১২টায় তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান।