দেবীদ্বার ও বুড়িচং উপজেলার ২৩ ইউপির ১৬টিতে নৌকার ভরাডুবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউপি নির্বাচন
প্রতীকী ছবি

দুই বা ততোধিক বিদ্রোহী প্রার্থী, সাংসদ–উপজেলা চেয়ারম্যান দ্বন্দ্ব, দলীয় অন্তঃকোন্দল, জনপ্রিয়তা নেই, এমন ব্যক্তিদের দলীয় মনোনয়ন দেওয়ার কারণে সপ্তম ধাপে অনুষ্ঠিত কুমিল্লার দেবীদ্বার ও বুড়িচং উপজেলার ২৩টি ইউপির মধ্যে ১৬টি ইউপিতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা হেরেছেন।

কুমিল্লার ১৭টি উপজেলার মধ্যে এই দুই উপজেলায় নৌকার বড় ব্যবধানে পরাজয় হয়েছে। সোমবার ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। ফলাফল ঘোষণার পর এ নিয়ে এখন রাজনৈতিক বিশ্লেষকেরা চুলচেরা বিশ্লেষণ করছেন।

দলীয় সূত্রে জানা গেছে, কুমিল্লার দেবীদ্বার উপজেলার ১৫টি ইউপির মধ্যে ১৪টি ইউপিতে সোমবার ভোট গ্রহণ হয়। একটি ইউপিতে ভোটের আগের রাতে নৌকার চেয়ারম্যান প্রার্থী মো. নুরুজ্জামান ভূঁইয়া মারা যান। এ পরিস্থিতিতে ওই ইউপির ভোট গ্রহণ স্থগিত করা হয়। ১৪টি ইউপির মধ্যে ৪টিতে নৌকার প্রার্থী জয়ী হন। অপর ১০টি ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা জয়ী হন।

দেবীদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নে নৌকার চেয়ারম্যান প্রার্থী মো. নুরুল ইসলাম বড় ব্যবধানে দ্বিতীয়বারের মতো জয়ী হন। সুলতানপুর ইউপিতে আওয়ামী লীগের মো. হ‌ুমায়ূন কবির, গুনাইঘর উত্তর ইউপিতে মোহাম্মদ মোকবল হোসেন এবং গুনাইঘর দক্ষিণ ইউউপিতে মো. হ‌ুমায়ূন কবির বিজয়ী হন। এর মধ্যে বরকামতা ও সুলতানপুর ইউপিতে বিজয়ী প্রার্থী কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের অনুসারী। গুনাইঘর উত্তর ও দক্ষিণ ইউপিতে বিজয়ী প্রার্থী কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলীর অনুসারী।

আওয়ামী লীগের অন্তত ৫ জন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগে ১৫ বছর ধরে কোন্দল রয়েছে। তাঁর ওপর কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সাংসদ রাজী মোহাম্মদ ফখরুলের সঙ্গে জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের দীর্ঘদিনের বিরোধ ও দূরত্ব রয়েছে। সাংসদ আওয়ামী লীগের নেতা-কর্মীদের দূরে ঠেলে দিয়ে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের উঠতি বয়সী নেতা-কর্মীদের বলয়ে থাকেন। এতে করে সাংসদের সঙ্গে দলের নেতা-কর্মীদের বিরোধ রয়ে গেছে। এ ছাড়া ১৯৯৬ সালের পর এই উপজেলা আওয়ামী লীগের কোনো কমিটি হয়নি। দলীয় সভাপতি ২০২০ সালে করোনায় মারা যান। প্রার্থী মনোনয়নে তৃণমূলকে প্রাধান্য না দেওয়ায় বহু ইউনিয়নে অজনপ্রিয় ব্যক্তিরা দলীয় মনোনয়ন পেয়েছেন।

স্থানীয় আওয়ামী লীগের নেতারা জানান, দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগে ১৫ বছর ধরে কোন্দল রয়েছে। তাঁর ওপর কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সাংসদ রাজী মোহাম্মদ ফখরুলের সঙ্গে জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের দীর্ঘদিনের বিরোধ ও দূরত্ব রয়েছে।

ধামতী ইউপিতে পরাজিত আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মো. জসিম উদ্দিন বলেন, ‘সাংসদ বিএনপি ও জামায়াতকে নিয়ে বিদ্রোহী প্রার্থীর পক্ষে ছিলেন, তাই আমার পরাজয় হয়েছে। এখানে সাংসদের প্রার্থী বিজয়ী হয়েছেন।’ এলাহাবাদ ইউপিতে পরাজিত আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম সরকার বলেন, ‘আমাকে ঠেকাতে সাংসদের পুরো গোষ্ঠী মাঠে তৎপর ছিল।’

আওয়ামী লীগের একজন নেতা বলেন, সাংসদ রাজী মোহাম্মদ ফখরুলের নিজ কেন্দ্রে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী পেয়েছেন ১৮২ ভোট, সাংসদের সমর্থিত আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী পেয়েছেন ৬৫৪ ভোট। গত উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে নৌকা পেয়েছিল ১৬ ভোট, সাংসদের চাচা ধানের শীষ প্রতীকের বিএনপির চেয়ারম্যান প্রার্থী পেয়েছিলেন ৯৮১ ভোট। এবারও তার ব্যতিক্রম হয়নি।

এসব অভিযোগের বিষয়ে সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল বলেন, ‘অযোগ্য ও জনপ্রিয়তা নেই, এমন লোকদের দেবীদ্বার উপজেলার বেশির ভাগ ইউনিয়নে নৌকার মনোনয়ন দেওয়া হয়। ওই কারণে এমন ভরাডুবি হয়েছে।’

দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম মনিরুজ্জামান বলেন, ‘প্রার্থী মনোনয়ন ঠিক না হওয়ার কারণে নৌকার এমন ভরাডুবি হলো।’

এদিকে কুমিল্লার বুড়িচং উপজেলার নয়টি ইউপির মধ্যে তিনটিতে আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। তাঁরা হলেন ময়নামতি ইউপিতে লালন হায়দার, বুড়িচং সদর ইউপিতে জয়নাল আবেদীন ও বাকশিমুল ইউপিতে আবদুল করিম। অপর ছয়টি ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহীরা জয়ী হয়েছেন।

বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও দুবারের চেয়ারম্যান মো. জাকির হোসেন। তিনি বলেন, ‘আমাকে ঠেকাতে উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ  দলের সাতজন চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছিলেন। ফলে আমি নির্বাচনে পরাজিত হই। বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আবু তাহের ২৯ ভোটে জয়ী হন।’

ষোলনল ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী ছিলেন মো. সিরাজুল ইসলাম। তিনি বলেন, ‘দলের আরও দুজন প্রার্থী ছিলেন। ওই কারণে ৬১ ভোটের ব্যবধানে হেরেছি।’

বুড়িচংয়ের স্থানীয় নেতাদের ভাষ্য, প্রয়াত মন্ত্রী আবদুল মতিন খসরুর মৃত্যুর পর দলে সাংগঠনিক শৃঙ্খলা, ঐক্যের অভাব পরিলক্ষিত হয়। তার ওপর যোগ্যরা মনোনয়ন পাননি সব ইউনিয়নে। আবার বিরোধ মেটাতে নেতাও একসঙ্গে বসেননি।

বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) আসনের সাংসদ আবুল হাসেম খান বলেন, ‘যাঁরা জয়ী (দলীয় ও বিদ্রোহী) হয়েছেন, তাঁরা প্রত্যেকে আওয়ামী লীগের সক্রিয় নেতা। নিরপেক্ষ নির্বাচনে তাঁরা জয়ী হয়েছেন। আমি কোনো হস্তক্ষেপ করিনি।’

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন, উপজেলা আওয়ামী লীগের নেতারা নির্বাচন নিয়ে কোনো ধরনের সমন্বয় করেননি। যে কারণে নৌকার ভরাডুবি হয়।