কুমিল্লার সেই মণ্ডপে হামলা–ভাঙচুরের ১২ দিন পর মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা জেলার মানচিত্র

কুমিল্লা নগরের নানুয়া দিঘির উত্তর পাড়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দর্পণ সংঘের উদ্যোগে তৈরি অস্থায়ী পূজামণ্ডপে হামলা–ভাঙচুরের ঘটনার ১২ দিন পর মামলা হয়েছে। নানুয়া দিঘির পাড় এলাকার বাসিন্দা তরুণ কান্তি মোদক বাদী হয়ে গত সোমবার রাতে কোতোয়ালি মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করেন। এতে অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।

এদিকে গত রোববার রাতে কুমিল্লা নগরের রাজগঞ্জ এলাকার রূপা রানী দাস বাদী হয়ে স্বামী দিলীপ কুমার দাস হত্যার অভিযোগে অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। দিলীপ কুমার দাস ঘটনার দিন নগরের মনোহরপুর এলাকার রাজ রাজেশ্বরী কালীমন্দিরের ফটক বন্ধ করতে গিয়ে মাথায় বিক্ষোভকারীদের ইটের আঘাত পেয়েছিলেন। ৯ দিন চিকিত্সাধীন থাকার পর গত বৃহস্পতিবার তিনি মারা যান। এ নিয়ে কুমিল্লায় পূজামণ্ডপে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও খুনের ঘটনায় ১১টি মামলা হয়েছে।

জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, ১১ মামলায় এ পর্যন্ত ৭২ জন গ্রেপ্তার হয়েছেন। এসব মামলায় এজাহারনামীয় আসামি ৯২ জন। অজ্ঞাতনামা আসামি ১ হাজার ১০ জন। পুলিশ এসব মামলা তদন্ত করছে।

নানুয়া দিঘির উত্তর পাড়ে অস্থায়ী পূজামণ্ডপে ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং কোরআন অবমাননা করার অপরাধে দায়ের করা মামলার নথি আজ মঙ্গলবার কোতোয়ালি মডেল থানা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) স্থানান্তর করা হয়েছে। সিআইডির কুমিল্লা ও নোয়াখালী বিভাগের বিশেষ পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান বিকেলে তাঁর দপ্তরে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।

খান মুহাম্মদ রেজোয়ান বলেন, পূজামণ্ডপে ঘটনার পর থেকেই তাঁরা এই মামলার খোঁজখবর রেখেছেন। গত ২৪ অক্টোবর পুলিশ সদর দপ্তরের এআইজি (অপরাধ-পূর্ব) মো. জালাল উদ্দিন আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে মামলা হস্তান্তরের বিষয়টি জানানো হয়। এরপর মঙ্গলবার তাঁরা মামলার নথি পেয়েছেন। এখন ওই মামলায় গ্রেপ্তার হওয়া ইকবাল হোসেনসহ চার আসামিকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিআইডি। তাঁদের দেওয়া তথ্য যাচাই করা হচ্ছে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে পাওয়া তথ্য মিলিয়ে নেওয়া হচ্ছে। এ ঘটনায় আর কারা জড়িত, কে বা কারা এর পেছনে রয়েছে, তাদের তালিকা করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ১৩ অক্টোবর ভোরে কুমিল্লা নগরের নানুয়া দিঘির পাড়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তৈরি অস্থায়ী পূজামণ্ডপে প্রতিমার মধ্যে পবিত্র কোরআন রাখা হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে চারটি মন্দির ও সাতটি পূজামণ্ডপে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

পবিত্র কোরআন রাখার ওই ঘটনায় কোতোয়ালি মডেল থানা–পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. হারুনুর রশিদ ২৯৫ পেনাল কোড ১৮৬০, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা এবং কোরআন অবমাননা করার অপরাধে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত করে এই ঘটনার সঙ্গে জড়িত চারজনকে প্রাথমিকভাবে শনাক্ত করে। এরপর গত শুক্রবার রাত সাড়ে ১০টায় কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে ইকবাল হোসেনকে আটক করা হয়। এর আগে ৯৯৯ নম্বরে কল করা রেজাউল ইসলাম ওরফে ইকরাম হোসেন ও নগরের দারোগা বাড়ি শাহ আবদুল্লাহ গাজীপুরী (রহ.) মাজারের হুজুর মো. হুমায়ুন কবীর ও খাদেম মোহাম্মদ ফয়সলকে আটক করা হয়। তাঁদের এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বর্তমানে তাঁরা সাত দিনের রিমান্ডে রয়েছেন।