কুমিল্লায় অক্সিজেন সিলিন্ডার রিফিলের সময় আগুন, তাৎক্ষণিক নিয়ন্ত্রণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অগ্নিকাণ্ডের পর কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের সিলিন্ডার রাখার গোডাউন থেকে সিলিন্ডার বের করে নেওয়া হয়। আজ দুপুরে
ছবি: এম সাদেক

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে অবস্থিত কুমিল্লা কোভিড-১৯ হাসপাতালের জরুরি ওয়ার্ডের পাশে অক্সিজেন রিফিল করতে গিয়ে একটি সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় রোগী ও তাঁদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

আজ বেলা দেড়টার দিকে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা হাসপাতালে পৌঁছার আগেই আগুন নিভে যায়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ছয়তলাবিশিষ্ট কোভিড-১৯ হাসপাতালের নিচতলায় জরুরি ওয়ার্ড। এর এক পাশে অক্সিজেন সিলিন্ডার রাখার গোডাউন। আজ বেলা দেড়টার দিকে অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেন রিফিল করার সময় হঠাৎ আগুন ধরে যায়। তখন সেখানে স্বাস্থ্যসেবা নিতে ফায়ার সার্ভিসে কর্মরত এক ব্যক্তি উপস্থিত ছিলেন। তিনি অগ্নিনির্বাপণ যন্ত্র ব্যবহার করে আগুন নিভিয়ে ফেলেন। তখন হাসপাতালের নিচতলার রোগী ও স্বজনদের মধ্যে হুড়োহুড়ি ও আতঙ্ক দেখা দেয়। এরপর গোডাউন থেকে অক্সিজেন সিলিন্ডারগুলো সরানো হয়।

হাসপাতালের পরিচালক মো. মহিউদ্দিন বলেন, করোনা রোগীদের জন্য রাখা অক্সিজেন সিলিন্ডারগুলোর যে কয়েকটি শেষ হয়েছে, সেগুলোতে অক্সিজেন পূর্ণ করতে গিয়ে আগুন ধরে যায়। পরে সেটি নেভানো হয়। এতে কোনো ধরনের সমস্যা হয়নি।