কুমিল্লায় আরও ২৬ জনের করোনা শনাক্ত, সুস্থ ২৩ জন

কুমিল্লা জেলায় আজ সোমবার আরও ২৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে দাউদকান্দিতে ১১ জন, চান্দিনায় ৬ জন এবং বুড়িচং, তিতাস ও মনোহরগঞ্জ উপজেলায় ৩ জন করে আছেন। কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের চিকিত্সক মো. এনামুল হক আজ বিকেল পাঁচটায় এই তথ্য জানিয়েছেন।
এদিকে আজ সোমবার আদর্শ সদর উপজেলায় ১৫ জন, নাঙ্গলকোটে ৬ জন, দেবীদ্বার ও চান্দিনায় ১ জন করে সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় চান্দিনায় একজন ও লালমাইয়ে একজন মারা গেছেন।
কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ও জেলা করোনাবিষয়ক ফোকাল পারসন মো. সাহাদাত হোসেন বলেন, এ নিয়ে জেলার ১৭ উপজেলা ও সিটি করপোরেশনে গত ৯ এপ্রিল থেকে আজ সোমবার পর্যন্ত ১ হাজার ৪৫৬ কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। মোট সুস্থ হয়েছেন ২৪০ জন। মারা গেছেন ৪৩ জন। কুমিল্লায় এ পর্যন্ত মোট ১২ হাজার ৩৬৩ জনের নমুনা পরীক্ষার জন্য বিভিন্ন ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে সোমবার পর্যন্ত প্রতিবেদন পাওয়া গেছে ১০ হাজার ৪৪৫ জনের। বাকি ১ হাজার ৯১৮ জনের নমুনা প্রতিবেদন এখনো আসেনি।