কুমিল্লায় আরও ৫ জনের করোনা, আক্রান্ত অর্ধশত ছাড়াল

কুমিল্লায় ২৪ ঘণ্টায় নতুন করে আরও পাঁচজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে মুরাদনগর উপজেলায় চারজন ও তিতাস উপজেলায় একজন। এ পর্যন্ত এই জেলায় আক্রান্তের সংখ্যা ৫২ জন।
আজ মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ও জেলা করোনাবিষয়ক ফোকাল পারসন মো. সাহাদাত হোসেন।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, এ নিয়ে কুমিল্লার ১৭টি উপজেলার মধ্যে ১৪টি উপজেলায় ৫২ জনের করোনাভাইরাস শনাক্ত হলো। এর মধ্যে তিতাস উপজেলায় আক্রান্তের সংখ্যা ১০ জন, দাউদকান্দিতে আটজন, বুড়িচংয়ে আটজন, মুরাদনগরে ছয়জন, চান্দিনায় চারজন, লাকসামে চারজন, দেবীদ্বারে তিনজন, বরুড়ায় দুজন, সদর দক্ষিণে দুজন এবং হোমনা, ব্রাহ্মণপাড়া, চৌদ্দগ্রাম, মেঘনা ও মনোহরগঞ্জ উপজেলায় একজন করে। এর মধ্যে দেবীদ্বারে মারা গেছেন দুজন।
ডেপুটি সিভিল সার্জন সাহাদাত হোসেন বলেন, কুমিল্লার ১৭টি উপজেলা থেকে নমুনা সংগ্রহের পর এ পর্যন্ত ১৪টি উপজেলার ৫২ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে বুড়িচং উপজেলার একই পরিবারের তিনজন ও তিতাস উপজেলার দুজন সুস্থ হয়েছেন। এ জেলায় অন্তত ৬০ লাখ বাসিন্দা আছেন। সবাইকে ঘরে থাকতে হবে। তবেই সংক্রমণের সংখ্যা কমবে। এখন পর্যন্ত কুমিল্লা সিটি করপোরেশন, আদর্শ সদর উপজেলা, লালমাই ও নাঙ্গলকোট উপজেলায় কোনো করোনা রোগী শনাক্ত হয়নি।