কুমিল্লায় আ.লীগ প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগ প্রার্থীর অস্থায়ী নির্বাচনী কার্যালয় মঙ্গলবার গভীর রাতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর ইউনিয়নের দড়ি উত্তর বাউশিয়া গ্রামে
ছবি: সংগৃহীত

কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী মো. জাকির হোসেনের নির্বাচনী কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার গভীর রাতে উপজেলার দড়ি উত্তর বাউশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনার জন্য বিদ্রোহী প্রার্থী মো. হারুন অর রশিদের ভাই মো. তাজুল ইসলামকে দায়ী করেছেন জাকির হোসেন। তবে তাজুল ইসলাম অভিযোগ অস্বীকার করেন। জাকির হোসেনের কর্মী মো. ওয়াসিম এ ঘটনায় ৪৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১২ জনকে আসামি করে মামলা করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ১১ নভেম্বর মেঘনা উপজেলার মানিকাচর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকেই উপজেলা সদরের ইউনিয়নে আওয়ামী লীগের নেতা-কর্মীরা দুই ভাগে বিভক্ত। এরই মধ্যে গতকাল রাত তিনটার দিকে মানিকারচর ইউনিয়নের দড়ি উত্তর বাউশিয়া গ্রামে আওয়ামী লীগের প্রার্থীর কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

আওয়ামী লীগের প্রার্থী জাকির হোসেন বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলামের ভাই বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করছেন। তিনিই দলীয় কার্যালয়ে হামলা করেছেন।’

অভিযোগের বিষয়ে তাজুল ইসলাম বলেন, ‘আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ ঠিক নয়। আমরা কোনো হামলা করিনি।’

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ বলেন, আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর হয়েছে। এ ঘটনায় মামলাও হয়েছে।