কুমিল্লায় আড়াই মাস পর এক অঙ্কে নামল করোনা শনাক্তের হার
কুমিল্লা জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ৬৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। ৭১৫ জনের নমুনা পরীক্ষা করে এ ফলাফল পাওয়া গেছে। নমুনা পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ৯ দশমিক ৭ শতাংশ।
এর আগে গত ১৩ জুন ১৫ জনের করোনা শনাক্ত হয়। ওই দিন শনাক্তের হার ছিল ৮ দশমিক ৫ শতাংশ। আড়াই মাস পর শনাক্তের হার নামল এক অঙ্কে। জেলা করোনাবিষয়ক ফোকাল পারসন ও কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন মোহাম্মদ সাহাদাৎ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার কুমিল্লায় ৭১৫ জনের নমুনার মধ্যে ৬৯ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৯ দশমিক ৭। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন, সুস্থ হয়েছেন ১৩৫ জন। মৃত ব্যক্তিদের মধ্যে বুড়িচং উপজেলায় ৫৫ বছরের এক নারী ও ৭৫ বছরের এক পুরুষ এবং মুরাদনগর উপজেলায় ৭০ বছরের এক পুরুষ আছেন।
২০২০ সালের ১১ এপ্রিল কুমিল্লায় প্রথম করোনা রোগী মারা যান। এরপর আজ শুক্রবার পর্যন্ত মারা গেছেন ৯০৮ জন। এর মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনে করোনায় মারা গেছেন ২৫১ জন, দেবীদ্বার উপজেলায় ৭০ জন, বরুড়ায় ৬৯, চান্দিনায় ৬১ জন, মুরাদনগরে ৫৯ জন, চৌদ্দগ্রামে ৫৮ জন, আদর্শ সদরে ৫১ জন, বুড়িচংয়ে ৪৭ জন, লাকসাম ও দাউদকান্দিতে ৩৯ জন করে, নাঙ্গলকোটে ৩৭ জন, মনোহরগঞ্জে ৩৬ জন, লালমাইয়ে ২৪ জন, ব্রাহ্মণপাড়া উপজেলায় ২২ জন, সদর দক্ষিণ উপজেলায় ২২ জন, তিতাসে ১১ জন, হোমনা উপজেলায় ৯ জন ও মেঘনা উপজেলায় ৩ জন মারা গেছেন।
জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন, স্বাস্থ্যবিধি মেনে চললে ও টিকা নিলে শনাক্ত ও মৃত্যুর হার কমবে।