কুমিল্লায় এক দিনে রেকর্ড ১১৯০ জনের করোনা শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

কুমিল্লায় জেলায় গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৭৩২ জনের নমুনা পরীক্ষা করে রেকর্ড ১ হাজার ১৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩১ দশমিক ৯। আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়।

গত বছরের ৭ এপ্রিল জেলায় প্রথম করোনা শনাক্তের পর আজই প্রথম শনাক্তের সংখ্যা সহস্রাধিক ছাড়াল। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ হাজার ২৭৮। এই সময়ে জেলায় করোনায় আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৮ জন। সুস্থ হয়েছেন ৩৫৫ জন।

এ নিয়ে ১-৩ আগস্ট তিন দিনে করোনা শনাক্ত হলো ২ হাজার ৯২০ জনের। এই সময়ে সুস্থ হয়েছেন ৯০৪ জন এবং মারা গেছেন ৩০ জন। জেলা সিভিল সার্জন কার্যালয় জানায়, নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় রয়েছেন ৩৫২ জন, বরুড়া উপজেলায় ৯৬, লাকসামে ৭৮, দাউদকান্দি ও নাঙ্গলকোটে ৬৯ করে, মুরাদনগরে ৬৮, বুড়িচংয়ে ৫৫, হোমনায় ৫৪, দেবীদ্বারে ৫৩, চান্দিনা ও লালমাইয়ে ৪৫ করে, ব্রাহ্মণপাড়ায় ৪২, আদর্শ সদরে ৩৭, মনোহরগঞ্জে ৩৪, তিতাসে ২৯, চৌদ্দগ্রামে ২৩, মেঘনায় ২৫ এবং সদর দক্ষিণে ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ হাজার ২৭৮।

মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় রয়েছেন ৩ জন, মনোহরগঞ্জে ২, দেবীদ্বার, ব্রাহ্মণপাড়া ও দাউদকান্দি উপজেলায় রয়েছেন ১ জন করে। মৃত ব্যক্তিদের মধ্যে পুরুষ ৫ ও নারী ৩ জন। তাঁদের বয়স ২৮ থেকে ৭৫ বছরের মধ্যে।

জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন, ‘কুমিল্লা সিটি করপোরেশনের বাইরে বরুড়া, লাকসাম, চৌদ্দগ্রাম ও দাউদকান্দিতে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। মানুষ স্বাস্থ্যবিধি মানছে না, যে কারণে সংক্রমণ ছড়িয়ে পড়ছে। এখনো বলি, মাস্ক পরুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন।’