কুমিল্লা জেলায় গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭ জনের নমুনা পরীক্ষা করে ৪২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার বাসিন্দা ১৭১ জন। শনাক্তের হার ৪২ দশমিক ৫। এই সময়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ছয়জন, প্রত্যেকেই গ্রামাঞ্চলের বাসিন্দা। জুলাইয়ে প্রতিদিনে শনাক্ত ও মারা যাওয়া ব্যক্তিদের বেশির ভাগই গ্রামাঞ্চলের। আজ বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
নতুন শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার বাসিন্দা ১৭১ জন; লাকসামের বাসিন্দা ৩০ জন; চৌদ্দগ্রাম, বরুড়া ও আদর্শ সদর উপজেলার ২৯ জন করে; চান্দিনার ২৫ জন; হোমনার ১৮ জন; তিতাস ও বুড়িচংয়ের ১৬ জন করে; নাঙ্গলকোটের ১৪ জন; দাউদকান্দির ১১ জন; সদর দক্ষিণের ৭ জন; ব্রাহ্মণপাড়ার ৯ জন; দেবীদ্বারের ৮ জন; মনোহরগঞ্জের ৭ জন; মুরাদনগর ও মেঘনার ৪ জন করে এবং লালমাইয়ের ১ জন রয়েছেন। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন তিতাস উপজেলায় ৫০ বছরের এক নারী, ৭২ ও ৭৫ বছর বয়সী দুই পুরুষ, লাকসামে ৫৫ বছরের এক নারী, চৌদ্দগ্রামে ৬৫ বছরের এক পুরুষ এবং দেবীদ্বারে ৮০ বছরের এক নারী।
গত বছরের তুলনায় এ বছর একই সময়ে রোগী বেড়েছে ১ হাজার ৪১১ জন। গত বছরের তুলনায় এবার একই সময়ে ২৪ জন বেশি করোনা রোগী মারা গেছেন।
কুমিল্লা জেলায় গত বছরের ৭ এপ্রিল বুড়িচং উপজেলার জিয়াপুর গ্রামের দুই শিশুর প্রথম করোনা শনাক্ত হয়। ওই বছরের ১১ এপ্রিল দেবীদ্বার উপজেলার নবিয়াবাদ গ্রামে করোনায় আক্রান্ত হয়ে জেলায় প্রথম একজন মারা যান। এরপর থেকে জেলায় করোনা সংক্রমণ কখনো বেড়েছে, কখনো কমেছে। কিন্তু গত আট দিনে বাড়ছে শনাক্ত রোগী ও মৃত্যুর সংখ্যা।
জেলা করোনাবিষয়ক ফোকাল পারসন ও ডেপুটি সিভিল সার্জন মো. শাহাদাত হোসেন বলেন, চলতি জুলাইয়ের প্রথম আট দিনে কুমিল্লা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৫ হাজার ২৯৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের গড় হার ৩৯ দশমিক ২৬। এর মধ্যে সিটি করপোরেশন এলাকার ৮৩৪ জন এবং গ্রামাঞ্চলের ১ হাজার ২৪৪ জন। এই আট দিনে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৬ জন। এর মধ্যে ১৪ জন সিটি করপোরেশন এলাকার এবং ২২ জন গ্রামের।
জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন, গ্রামে স্বাস্থ্যবিধি একেবারেই মানা হচ্ছে না। গত বছরের ১-৮ জুলাই, এই আট দিনে কুমিল্লা জেলায় ৬৬৭ জনের করোনা শনাক্ত হয়েছিল। এর মধ্যে গ্রামাঞ্চলের ৫১২ জন এবং কুমিল্লা সিটি করপোরেশন এলাকার বাসিন্দা ১৫৫ জন। গত বছরের এই সময়ে মারা গেছেন ১২ জন। এর মধ্যে গ্রামাঞ্চলের ১০ জন ও সিটি করপোরেশন এলাকার ছিলেন দুজন। গত বছরের তুলনায় এ বছর একই সময়ে রোগী বেড়েছে ১ হাজার ৪১১ জন। গত বছরের তুলনায় এবার একই সময়ে ২৪ জন বেশি করোনা রোগী মারা গেছেন।