কুমিল্লায় করোনায় সংক্রমিত আরও দুজন মারা গেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে বৃহস্পতিবার দুজন মারা গেছেন। জেলা করোনাবিষয়ক ফোকাল পারসন ও ডেপুটি সিভিল সার্জন মো. সাহাদাত হোসেন প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।

মারা যাওয়া দুজনই কুমিল্লা সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। একজন ৯০ বছরের নারী ও অপরজন ৮০ বছরের পুরুষ। এ নিয়ে কুমিল্লা জেলায় করোনায় সংক্রমিত হয়ে মৃত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১৭২। জেলায় এ পর্যন্ত করোনা রোগী হিসেবে শনাক্ত হয়েছেন মোট ৬ হাজার ৭০৮ জন। তাঁদের মধ্যে ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৫ হাজার ১৭৪ জন।

এদিকে কুমিল্লায় বৃহস্পতিবার নতুন করে ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকারই ১৮ জন। বাকিরা জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। এদিন সুস্থ হয়েছেন ২৫ জন। এর মধ্যে সিটি করপোরেশন এলাকার ২৩ জন; বাকি ২ জন নাঙ্গলকোট উপজেলার বাসিন্দা।

করোনা পরীক্ষার জন্য কুমিল্লার ১৭টি উপজেলা ও সিটি করপোরেশন এলাকা থেকে এ পর্যন্ত ৩১ হাজার ২৯০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৩০ হাজার ৪২৮ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ৬ হাজার ৭০৮ জনের প্রতিবেদন করোনা ‘পজিটিভ’ এসেছে।