কুমিল্লায় কলেজছাত্রকে পিটিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মারধর
প্রতীকী ছবি

পূর্ববিরোধের জের ধরে কুমিল্লার দাউদকান্দিতে ডিগ্রি পড়া এক শিক্ষার্থীকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে তাঁর চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। বারপাড়ার ইছাপুরে বসতবাড়ির পুকুরপাড়ে আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহত রিফাত গৌরীপুর মুন্সি ফজলুর রহমান সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র।

বর্তমানে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রিফাত। তিনি বলেন, তাঁর বড় ভাই মোস্তফা কামালকে চাচাতো বোন মরিয়ম আক্তারের স্বামী হারুন অর রশিদ ২০১৬ সালে সৌদি আরবে নিয়ে যান। সেখানে নেওয়ার পর কাগজপত্র করে দিতে পারেননি এবং কাজও দিতে পারেননি। একপর্যায়ে মোস্তফা কামাল দেশে ফিরে আসেন। দেশে আসার পর টাকা ফেরত চেয়ে কয়েকবার গ্রাম্য সালিস বসানো হয়।

রিফাত আরও বলেন, সালিসে সমস্যার সমাধান হয়নি। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চরম আকারে পৌঁছায়। আর এই বিরোধের জের ধরেই আপন চাচাতো ভাই সোহাগ হাসান ও তাঁর পরিবারের সদস্যরা বাড়ির পুকুরপাড়ে একা পেয়ে অতর্কিত হামলা চালিয়েছেন।

এ বিষয়ে সোহাগ হাসানের বক্তব্য নিতে মুঠোফোনে একাধিকবার চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি। উপজেলার বারপাড়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আবু তাহের বলেন, তিনি দুই পক্ষের মারামারির কথা শুনেছেন।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাহমিনা আক্তার বলেন, আহত কলেজছাত্র রিফাতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শরীরের বিভিন্ন অংশ আঘাতের চিহ্ন আছে। তবে তিনি শঙ্কামুক্ত।