কুমিল্লায় কাউন্সিলর সোহেলের সঙ্গে নিহত হরিপদ সাহার মা মারা গেলেন
কুমিল্লা সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. সোহেল ও তাঁর সহযোগী হরিপদ সাহা হত্যাকাণ্ডের ১৫ দিন পর হরিপদ সাহার মা রেনু বালা মারা গেছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে নগরের সাহাপাড়া নিজেদের বাসায় তিনি মারা যান।
আজ বুধবার বেলা একটায় কুমিল্লা নগরের টিক্কারচর এলাকার মহাশ্মশানে রেনু বালার অন্ত্যেষ্টিক্রিয়া করা হয়। তিনি ১০৩ বছর বয়সে মারা যান। রেনু বালা সাহার ছয় মেয়ে ও এক ছেলের মধ্যে দুর্বৃত্তদের গুলিতে নিহত হরিপদ সাহা সবার ছোট ছিলেন।
রেনু বালার মৃত্যুর খবর পেয়ে আজ দুপুরে টিক্কারচর মহাশ্মশানে যান কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুল হক। তিনি এরপর তাঁদের সাহাপাড়ার বাসায় যান। পরিবারকে সান্ত্বনা দেন।
মেয়র মনিরুল হক বলেন, ‘হরিপদ সাহা মারা যাওয়ার পর আমি তাঁর মায়ের ভরণপোষণের দায়িত্ব নিয়েছিলাম। কিন্তু বৃদ্ধা ছেলে হারানোর ১৫ দিনের মধ্যেই চলে গেলেন। তাঁর বয়স হয়েছিল।’
গত ২২ নভেম্বর কুমিল্লা সিটি করপোরেশনের কাউন্সিলর মো. সোহেলের সঙ্গে পাথুরিয়া পাড়া থ্রিস্টার এন্টারপ্রাইজ ব্যবসাপ্রতিষ্ঠানে দুর্বৃত্তদের গুলিতে হরিপদ সাহাও মারা যান। এরপর হরিপদ সাহাদের বাড়িতে তাঁর মা রেনু বালাকে দেখার কেউ ছিলেন না। মেয়েরা পালা করে স্বামীর বাড়ি থেকে এসে তাঁর দেখাশোনা করতেন। এর মধ্যেই গতকাল রাতে তিনি মারা যান।