কুমিল্লায় কাউন্সিলর হত্যায় আরেক কাউন্সিলরকে ডিবির জিজ্ঞাসাবাদ
কুমিল্লা সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সদস্য মো. সোহেল ও তাঁর সহযোগী হরিপদ সাহা হত্যার ঘটনায় আরেক কাউন্সিলর মো. জাহাঙ্গীর হোসেন ওরফে বাবুলকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জাহাঙ্গীর ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তিনি নিহত কাউন্সিলর মো. সোহেলের ঘনিষ্ঠ বন্ধু।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত জাহাঙ্গীরকে জিজ্ঞাসাবাদ করেন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মো. জাহাঙ্গীর কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও সংরক্ষিত মহিলা সাংসদ আঞ্জুম সুলতানার অনুসারী। মো. সোহেল কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা-৬ আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিনের অনুসারী ছিলেন।
এদিকে জাহাঙ্গীরকে নগরের সুজানগর এলাকার বাসা থেকে জেলা পুলিশ সুপার কার্যালয়ে অবস্থিত ডিবি কার্যালয়ে নেওয়ার পথে শত শত নারী-পুরুষ এর প্রতিবাদ জানান। তাঁরা পুলিশ সুপার কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন।
কুমিল্লা জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্যজিৎ বড়ুয়া বলেন, গতকাল সকাল সাড়ে আটটার দিকে নগরের সুজানগর এলাকার বাসা থেকে জাহাঙ্গীরকে আটক করেন ডিবির উপপরিদর্শক পরিমল দাস। এরপর তাঁকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার কাজী আবদুর রহিম, এম তানভীর আহমেদ, মো. সোহান সরকার ও ডিবির কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর নিহত কাউন্সিলর সোহেলকে তাঁর ঘনিষ্ঠ বন্ধু বলে দাবি করেন। একই সঙ্গে হত্যা মামলার আসামিদের সম্পর্কে পুলিশকে তথ্য দেন।
এ প্রসঙ্গে জাহাঙ্গীর হোসেন বলেন, ‘ডিবি পুলিশ মঙ্গলবার সকালে আমাকে বাসা থেকে নিয়ে যান। তাঁরা আমার সঙ্গে অত্যন্ত ভালো ব্যবহার করেছেন। আমি তাঁদের সোহেলের সঙ্গে সম্পর্ক ও হত্যা মামলার আসামিদের নিয়ে কথা বলেছি। এলাকার লোকজন বৃষ্টির মধ্যে নির্বাচিত কাউন্সিলর ও তাঁদের জনপ্রতিনিধি হিসেবে আমাকে ভালোবেসে পুলিশ সুপার কার্যালয়ে যান। আমার বন্ধুকে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই।’
গত ২২ নভেম্বর বিকেল সাড়ে চারটার দিকে কুমিল্লা নগরের পাথুরিয়াপাড়া থ্রিস্টার এন্টারপ্রাইজ ব্যবসাপ্রতিষ্ঠানে কাউন্সিলর সোহেল ও তাঁর সহযোগী হরিপদ সাহাকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় পরের দিন নিহত ব্যক্তির ভাই মো. রুমন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করে মামলা করেন। মামলাটি এখন ডিবি তদন্ত করছে।