কুমিল্লায় কাউন্সিলর হত্যায় মামলা হয়নি, গ্রেপ্তারও নেই
কুমিল্লা সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মো. সোহেল (৫২) ও তাঁর সহযোগী হরিপদ সাহা (৩৫) হত্যার ঘটনায় আজ মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত কোনো মামলা হয়নি। এ ঘটনায় কাউকে গ্রেপ্তারও করা হয়নি। এদিকে সকাল সাড়ে ১০টার দিকে কাউন্সিলর সোহেলের মরদেহ তাঁর সাহাপাড়ার বাসায় নেওয়া হয়।
সকালে ঘটনাস্থল পাথুরিয়া পাড়া এলাকায় গিয়ে দেখা গেছে, সড়কের মধ্যে শত শত মানুষের জটলা। পুলিশ বসে আছে কাউন্সিলর কার্যালয়ের পাশে। স্থানীয়রা পুলিশের কাছে বিচার দাবি করেন। তাঁরা ঘটনাস্থলে পুলিশ আসতে দেরির কারণ জানতে চান। সকাল সাড়ে ১০টার দিকে কাউন্সিলর সোহেলের মরদেহ ময়নাতদন্ত শেষে নগরের সাহাপাড়া এলাকায় আনা হয়। বাড়িতে মরদেহ নিয়ে গেলে স্বজনেরা আহাজারি করতে থাকেন। এ সময় আশপাশের অনেককে কাঁদতে দেখা যায়। আজ বাদ জোহর কুমিল্লা নগরের পাথুরিয়াপাড়া ঈদগাহ মাঠে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পরিবারের লোকজন জানিয়েছেন।
নিহত সোহেলের স্ত্রী শাহনাজ আক্তার বলেন, ‘পরিকল্পিতভাবে আমার স্বামীকে হত্যা করা হয়েছে।’ সোহেলের শ্বশুর হেলাল উদ্দিন বলেন, ‘জনপ্রিয়তাই কাল হলো সোহেলের। ওরে পরিকল্পনা করে মারা হয়েছে।’
কাউন্সিলর সোহেলের একমাত্র ছেলে সৈয়দ মো. হাফিজুল ইসলাম, বড় মেয়ে কুমিল্লার ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সিদরাতুল মুনতাহা, ছোট মেয়ে কুমিল্লা হাউজিং এস্টেট স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মিফতাউল জান্নাতের কান্না থামছে না।
সোহেলের বাড়িতে ঢোকার মুখে কথা হয় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকউল্লাহ খোকন ও মহানগর যুবলীগের আহ্বায়ক জিএস সহিদের সঙ্গে। তাঁরা বলেন, এলাকায় সোহেলের কোনো রাজনৈতিক প্রতিপক্ষ নেই। মাদক নির্মূল, চাঁদাবাজি ও ছিনতাইয়ের বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনওয়ারুল আজিম বলেন, গতকাল সোমবার রাতে নগরের বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হয়। কাউকে গ্রেপ্তার করা যায়নি। এই ঘটনায় কোনো মামলা হয়নি। লাশ দাফনের পর মামলা হবে। পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ দেখছে। এ ঘটনায় তদন্ত চলছে।
এদিকে সোহেলের সহযোগী হরিপদ সাহার মরদেহ সাহাপাড়া এলাকার বাসায় নেওয়া হয়েছে।
গতকাল সোমবার বিকেলে নগরের পাথুরিয়াপাড়ায় কাউন্সিলর মো. সোহেলের ব্যক্তিগত কার্যালয়ে ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়ে তাঁকে হত্যা করা হয়। এ ঘটনায় গুলিবিদ্ধ চারজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।