কুমিল্লায় কাতল মাছের মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শতবর্ষের ঐতিহ্যের ধারাবাহিকতায় এবারও কুমিল্লা নগরের রাজগঞ্জ বাজার ও এর আশপাশের সড়কগুলোতে কাতল মাছের মেলা বসে। পয়লা বৈশাখ উপলক্ষে মেলা শুরু হয় গত শুক্রবার খুব ভোরে। চলে গতকাল শনিবার পর্যন্ত। দুই দিনব্যাপী মেলায় কয়েক হাজার কাতল মাছ বিকিকিনি হয়। এবারের মেলায় মাছের দাম গতবারের চেয়ে বেশি ছিল। এরপরও ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়।

গত দুই দিন মেলায় গিয়ে দেখা গেছে, মূল মাছবাজার ছাড়িয়ে মেলার বিস্তৃতি সড়ক ও কানাগলিতে গিয়ে ঠেকেছে। একদিকে রাজগঞ্জ মোড়, অন্যদিকে মোগলটুলির কুমিল্লা হাইস্কুলের প্রধান ফটক পর্যন্ত সড়কের দুই পাশে সারি সারি মাছের ডালা। এর মধ্যে জীবিত ও মরা মাছ রয়েছে। জীবিত মাছের দাম বেশি। মরাগুলোর দাম কম। দেশি মাছের চাহিদা বেশি, দামও বেশি। শুক্রবার মেলায় মুসলিমদের উপস্থিতি ছিল বেশি। গতকাল হিন্দুধর্মাবলম্বীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। পঞ্জিকা অনুযায়ী, হিন্দুধর্মাবলম্বীরা গতকাল পয়লা বৈশাখ পালন করেছেন।

মোগলটুলি মোড়ে ১১ কেজি ওজনের একটি জীবিত কাতল বিক্রি হয়েছে ৯ হাজার ৩৫০ টাকায়। প্রতি কেজি মাছের দাম ৮৫০ টাকা। মেলায় সর্বনিম্ন ৪০০ থেকে ৮৫০ টাকা কেজি দরে মাছ বিক্রি হয়েছে। মরা মাছের চেয়ে জীবিত মাছের চাহিদা ছিল বেশি। ছোট মাছের দেখা মেলেনি গত দুই দিনের মেলায়।

মেলায় কাতল মাছের পাশাপাশি রুই ও বোয়াল মাছের চাহিদাও ছিল বেশ। রুই মাছ বিক্রি হয়েছে ৪০০ থেকে ৫০০ টাকা দরে। বোয়াল মাছ ৬০০ থেকে ১ হাজার টাকা কেজি দরে।

নগরের দেশওয়ালীপট্টি এলাকার বাসিন্দা সুমন চৌধুরী বলেন, ‘গতবারের চেয়ে এবার মেলায় মাছের দাম বেশি।’

এ প্রসঙ্গে রাজগঞ্জ বাজারের মাছ ব্যবসায়ী জয়নাল আবদীন বলেন, পরিবহন খরচ ও উত্পাদন খরচ বেশি থাকায় মাছের দামও বেড়েছে। মেলায় বেশির ভাগ লোক মাছ দেখতে এসেছেন, ক্রেতা কম।

কুমিল্লার তরুণ ইতিহাসবিদ আহসানুল কবীর বলেন, রাজগঞ্জ বাজারের কাতল মাছের মেলা কুমিল্লার ঐতিহ্যের অংশ। দুই দিনের মেলায় সব ধর্মের মানুষ এসে মাছ কেনেন।