কুমিল্লায় কোভিডে আরও ৩ জনের মৃত্যু

কুমিল্লা জেলায় আজ মঙ্গলবার এক দিনে আরও তিনজন কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছেন। আরও ৬১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১০৪ জন। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে আজ বিকেলে এই তথ্যের সত্যতা পাওয়া গেছে।
এ নিয়ে কুমিল্লা জেলায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন মোট ৪ হাজার ৮৬ জনের। মারা গেছেন ১১১ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৯৩৮ জন।
মারা যাওয়া ব্যক্তিরা কুমিল্লা সিটি করপোরেশন, হোমনা ও নাঙ্গলকোট উপজেলার।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন শনাক্তের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনে ১২ জন, চৌদ্দগ্রামে ৯ জন, লাকসাম ও দেবীদ্বার ৮ জন করে, হোমনায় ৭ জন, বরুড়া ও নাঙ্গলকোটে ৪ জন করে, আদর্শ সদরে ৩ জন, মুরাদনগর ও তিতাসে ২ জন করে এবং বুড়িচং ও লালমাই উপজেলায় ১ জন করে রয়েছেন।
কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন মো. সাহাদাত হোসেন বলেন, কুমিল্লা জেলায় এ পর্যন্ত মোট ২০ হাজার ৬৮৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। এর মধ্যে আজ পর্যন্ত ২০ হাজার ৬৩ জনের প্রতিবেদন পাওয়া গেছে। এর মধ্যে কুমিল্লা শহরে মোট শনাক্ত ১ হাজার ১১০ জন এবং মারা গেছেন ১৫ জন।