কুমিল্লায় জমজমাট চারুকলা প্রদর্শনী
জলরং, তেলরং ও অ্যাক্রেলিক দিয়ে চিরায়ত বাংলার দৃশ্যসহ নানা ধরনের ভাবনা ফুটিয়ে তুলেছেন ৫৪ জন শিল্পী। দেশের নামকরা চিত্রশিল্পী থেকে নতুন আঁকিয়েও আছেন এই তালিকায়। তাঁদের আঁকা ১৮৫টি ছবি নিয়ে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে চলছে প্রদর্শনী। কাল বুধবার এই প্রদর্শনী শেষ হচ্ছে।
প্রদর্শনীর আয়োজনে রয়েছে জেলা শিল্পকলা একাডেমি ও পথিকৃৎ কুমিল্লা চারুশিল্পী পরিষদ। বসন্তের মাতাল হাওয়ায় প্রতিদিন পড়ন্ত বিকেলে শত শত সংস্কৃতিপ্রেমী এই আয়োজনে জড়ো হচ্ছেন। প্রদর্শনী উৎসর্গ করা হয়েছে কুমিল্লা আর্ট স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রয়াত চারুশিল্পী মোহাম্মদ আলীকে।
আজ মঙ্গলবার বিকেলে প্রদর্শনী দেখতে আসেন ফারহানা আক্তার ও সোহানা শারমিন নামের দুই কলেজশিক্ষার্থী। তাঁরা বলেন, কুমিল্লায় অন্তত বছরে তিনটা প্রদর্শনী হওয়া দরকার। এখানকার আর্ট কলেজকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত করা দরকার।
প্রদর্শনীতে শিল্পী সমরজিৎ রায় চৌধুরীর গ্রামীণ নারী, খাজা কাইয়ুমের কলাপাতার ওপর তিনটি পুঁটি মাছ, শাপলা ও শামুক, নাজমা আক্তারের নারী, উত্তম গুহের আমাদের গ্রাম, জীবন যেখানে যে রকম ও বিস্তীর্ণ প্রান্তর, সৈয়দ তারেকের বিপত্নীকের ফুলদানি, সুলতান শাহরিয়ারের একসময়, মাসুক হেলালের পোর্ট্রেট, ইকবাল আনোয়ারের মাদারহুড, কাবেরি শীলের নদী ও নৌকা, নুসরাত জাহান মীমের মানব আচরণ শিরোনামের চিত্রকর্ম দর্শনার্থীদের মন বেশি কাড়ছে।
৪ মার্চ প্রদর্শনীর উদ্বোধন করেন কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন।
৪ মার্চ প্রদর্শনীর উদ্বোধন করেন কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সাবেক অধ্যাপক শিল্পী খাজা কাইয়ুম, বাংলাদেশ চারুশিল্পী সংসদের সহসভাপতি নাজমা আক্তার, কুমিল্লা আর্ট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সুলতান শাহরিয়ার ও জেলা শিল্পকলা একাডেমির সংস্কৃতিবিষয়ক কর্মকর্তা সৈয়দ আয়াজ মাবুদ।
পথিকৃৎ কুমিল্লা চারুশিল্পী পরিষদের সভাপতি চন্দন দেব বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এই প্রদর্শনী করা হয়। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত শিল্পকলা একাডেমির গ্যালারিতে প্রদর্শনী চলছে।
‘চারু ও কারুকলায় উদ্ভাসিত জীবন’ স্লোগান নিয়ে ২০২০ সালের ৭ অক্টোবর প্রতিষ্ঠিত হয় পথিকৃৎ কুমিল্লা চারুশিল্পী পরিষদ। চারুশিল্পের লালন ও বিকাশে এই সংগঠন কাজ করছে।