কুমিল্লায় ট্রেনের তিন বগি লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ
ঢাকা-চট্টগ্রাম রেলপথে কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর রেলস্টেশনের অদূরে পণ্যবাহী একটি ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত ৩টা ৪০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিল। রাজাপুর রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার মো. রেজাউল করিম প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।
এ দুর্ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। কয়েকটি ট্রেন বিভিন্ন রেলস্টেশনে আটকা পড়েছে। এতে যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
রেলওয়ে সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে পণ্যবাহী ট্রেন ঢাকার দিকে যাচ্ছিল। ট্রেনটি কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর এলাকায় এলে পেছনের দিকের তিনটি বগি লাইনচ্যুত হয়। খবর পেয়ে ভোরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে আসে।
স্টেশনমাস্টার মো. রেজাউল করিম বলেন, রাজাপুর এলাকায় এক লাইনে এখনো ট্রেন চলাচল করে। এখানে ডাবল লাইনের কাজ শুরু হয়নি।