কুমিল্লায় তরুণকে ছুরিকাঘাত করে হত্যা
পূর্বশত্রুতার জেরে কুমিল্লা নগরের টিক্কারচর কবরস্থানের পাশের সড়কে মো. হৃদয় (১৮) নামের এক তরুণকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। আজ বুধবার সকাল আটটায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
হৃদয় কুমিল্লা নগরের সংরাইশ এলাকার নুরু মিয়ার ছেলে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লা নগরের সংরাইশ ও সুজানগর পাশাপাশি এলাকা। সুজানগর এলাকার সিরাজুল ইসলামের ছেলে রাজিব হাসানের সঙ্গে সংরাইশ এলাকার নুরু মিয়ার ছেলে মো. হৃদয়ের আগে থেকে ঝামেলা ছিল। এ নিয়ে এই দুই তরুণ একাধিকবার ঝগড়া করেন। আজ সকাল আটটায় বাড়ি থেকে বের হন হৃদয়। এরপর তাঁর পিছু নেন রাজিব।
একপর্যায়ে হৃদয় টিক্কারচর কবরস্থানের পাশের সড়কে আসামাত্র পেছন দিক থেকে সামনে এসে কোনো কথা না বলেই রাজিব পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই মারা যান হৃদয়। পরে এলাকাবাসী পুলিশকে খবর দেন। পুলিশ এসে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ নেওয়া হয়।
হৃদয়ের বাবা নুরু মিয়া বলেন, ‘আমি ছেলে হত্যার বিচার চাই।’
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনওয়ারুল আজিম বলেন, পূর্বশক্রতার জেরে রাজিব নামের এক তরুণ হৃদয়কে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পুলিশ তাঁর লাশ উদ্ধার করেছে। রাজিবকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।