কুমিল্লায় দ্রুত বাড়ছে করোনা রোগী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি: রয়টার্স

কুমিল্লা জেলায় দ্রুত করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। জেলা সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে আজ শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এ জেলায় ১৩৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময়ের মধ্যে কুমিল্লায় করোনায় দুজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেলে কুমিল্লার সিভিল সার্জন মীর মোবারক হোসাইন স্বাক্ষরিত করোনার নিয়মিত প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় এ জেলায় সংক্রমণের হার ৩২ দশমিক ২। যে ১৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে, তাঁদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ৮৫ জন, লাকসাম উপজেলার ৩০, বরুড়ার ৯, মেঘনায় ৫, সদর দক্ষিণ ও তিতাসের ৪ এবং মুরাদনগর ও লালমাইয়ের ১ জন করে বাসিন্দা। এর আগে ২০ জানুয়ারি ১০৪ ও ১৯ জানুয়ারি ৯৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে এ জেলায়।

মহামারি শুরুর পর থেকে কুমিল্লা জেলায় এ পর্যন্ত ৩৯ হাজার ৭২২ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ৩৮ হাজার ১৯৪ জন। মারা গেছেন ৯৫৯ জন। ২০২০ সালের ৭ এপ্রিল কুমিল্লা জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ওই বছরের ১১ এপ্রিল করোনায় প্রথম রোগী মারা যান।

জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন প্রথম আলোকে বলেন, মানুষের মধ্যে মাস্ক পরার প্রবণতা কমে গেছে। স্বাস্থ্যবিধিও মানছেন না অনেকে। এতে সংক্রমণ হু হু করে বাড়ছে। গত তিন দিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। শুক্রবার দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ অবস্থায় স্বাস্থ্যবিধি মানতে হবে।