কুমিল্লায় পৃথক সংঘর্ষে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লায় আজ বৃহস্পতিবার পৃথক সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত অনেকে। ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই গ্রামে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে একজন নিহত হন। নিহত ব্যক্তির নাম মফিজুল ইসলাম (৫৫)।

সকাল আটটা থেকে দুপুর ১২টা পর্যন্ত দফায় দফায় এই সংঘর্ষ হয়। এ সময় অত্যন্ত ১০টি বাড়িঘরে আগুন দেওয়া হয় এবং ভাঙচুর চালানো হয়। খবর পেয়ে ব্রাহ্মণপাড়া বুড়িচং ও দেবীদ্বার থানা এবং কুমিল্লা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবির বলেন, জায়গা নিয়ে শিদলাই গ্রামের মফিজুল ইসলাম ও শামসুল হকের মধ্যে অনেক দিন ধরে দ্বন্দ্ব রয়েছে। সকাল আটটার দিকে মফিজুল ইসলামের লোকজন শামসুল হকের অনুসারী ওহীদুর রহমানের বাড়িতে হামলা চালালে দুই দলের সংঘর্ষে শুরু হয়। একপর্যায়ে ওহীদুর রহমানের বাড়িতে আগুন দেওয়া হয়। এ সময় ঘটনাস্থলে মফিজুল ইসলাম হৃদ্‌রোগে আক্রান্ত হন। দ্রুত তাঁকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে শামসুল হক বলেন, ‘আমার অনুসারী ওহীদুর রহমানের বাড়িতে আগুন দেওয়া হয়। ভাঙচুর ও লুটপাট করা হয়।’ এ ব্যাপারে মফিজুল ইসলামের পক্ষের কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

কুমিল্লার আদর্শ সদর উপজেলার পশ্চিম চানপুর গ্রামে জমি কেনাবেচাকে কেন্দ্র করে মো. সাদেক (৪০) নামের এক ব্যক্তিকে মাথায় কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাহউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।