কুমিল্লায় বাসের চাপায় অটোরিকশাচালকসহ নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেছে। শনিবার দুপুরে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া পুরাতন বাজার এলাকায়
ছবি: প্রথম আলো

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশাচালকসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন তিনজন। আজ শনিবার বেলা পৌনে ১১টায় উপজেলার নাথেরপেটুয়া পুরাতন বাজার এলাকায় কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার ছাতারপাইয়াসংলগ্ন পাঁচতুপা গ্রামের বাসিন্দা অটোরিকশাচালক শাহাদাত হোসেন (৩৮), একই এলাকার ইয়াছিন মিয়া (৩২) ও কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার খিলা গ্রামের মো. রাফি (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বেলা পৌনে ১১টায় নোয়াখালী থেকে ঢাকামুখী হিমাচল পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে যাচ্ছিল। বাসটি মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে একটি ট্রাক্টরকে ধাক্কা দেন। ট্রাক্টরটি বাসের ধাক্কায় সরে গেলে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাটিকে বাসটি চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এ সময় অটোরিকশাচালকসহ তিন আরোহী ঘটনাস্থলেই মারা যান। আহত হন অটোরিকশায় থাকা অপর তিনজন। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।

লাকসাম সার্কেলের সহকারী পুলিশ সুপার মুহিতুল ইসলাম বলেন, বাস ও অটোরিকশাটি উদ্ধার করা হচ্ছে। দুর্ঘটনার পর বাসের চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন।