কুমিল্লায় ব্যক্তিগত গাড়ির চাপায় প্রাণ গেল ২ শিশু–কিশোরের
কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলায় চুল কাটিয়ে বাড়ি ফেরার পথে একটি ব্যক্তিগত গাড়ির চাপায় প্রাণ গেল দুই শিশু–কিশোরের। তারা হলো রবিউল ইসলাম (১৬) ও মোহাম্মদ আনিস (৫)। আজ শুক্রবার বেলা একটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার সৈয়দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ময়নামতি হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে।
নিহত রবিউল ইসলাম কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের শাহ দৌলতপুর গ্রামের কামাল হোসেনের ছেলে। মোহাম্মদ আনিস একই গ্রামের বিল্লাল হোসেনের ছেলে ও স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। তারা দুজনই পরিবারের একমাত্র সন্তান ছিল।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, কয়েকজন মিলে মহাসড়কের পাশের একটি সেলুনে চুল কাটিয়ে ফিরছিল। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার সৈয়দপুর এলাকায় ঢাকা থেকে চট্টগ্রামগামী ব্যক্তিগত গাড়িটি রবিউল ও আনিসকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়।
ওসি আরও বলেন, ওই ব্যক্তিগত গাড়ি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা–সিলেট মহাসড়কের দেবীদ্বার উপজেলার বেগমাবাদ এলাকায় যাত্রীবাহী একটি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থী নিহত হয়।
কুমিল্লা জেলা পরিবহন মালিক গ্রুপের সভাপতি কবির আহমেদ বলেন, ‘কুমিল্লায় সাম্প্রতিক সময়ে কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত ব্যক্তিদের মধ্যে শিক্ষার্থীর সংখ্যাই বেশি। এটা কোনোভাবে কাম্য নয়। আমরা চালকদের সচেতন হওয়ার জন্য বারবার বলছি।’