কুমিল্লায় মেয়র নির্বাচন করার ঘোষণা আ.লীগ নেতা আনিসুরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে কেক কেটে এতিম শিশুদের খাওয়ান আনিসুর রহমান। আজ বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা নগরের কান্দিরপাড় এলাকার রাজ্জাক ম্যানশন মিলনায়তনে
ছবি: প্রথম আলো

আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আনিসুর রহমান। আজ বৃহস্পতিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে এতিম শিশুদের সঙ্গে কেক কেটে ও মধ্যাহ্নভোজে অংশ নিয়ে এই ঘোষণা দেন।

কুমিল্লা নগরের কান্দিরপাড় এলাকার রাজ্জাক ম্যানশন মিলনায়তনে এই অনুষ্ঠান হয়। এতে ৩০০ এতিম শিশু ও দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আনিসুর রহমান বলেন, ‘দল করতে গিয়ে কারাবরণ করেছি। দলের কাছে মনোনয়ন চাইব। আমার বিশ্বাস, দল আমাকে মেয়র পদে মনোনয়ন দেবে। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। অসাম্প্রদায়িক কুমিল্লা গড়তে চাই।’

২০১২ সালের ৫ জানুয়ারি আনিসুর রহমান কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নির্বাচন করেছিলেন। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু ল কলেজ ছাত্র সংসদের সাবেক সহসভাপতি (ভিপি)। বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য।

দলীয় সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৩০ মার্চ কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন হয়। এ বছরের ১৭ মে বর্তমান মেয়র মো. মনিরুল হকের মেয়াদ শেষ হবে। এরই মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে সম্ভাব্য মেয়র প্রার্থীরা কুমিল্লা নগরে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও পোস্টার সাঁটিয়েছেন। কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আনিসুর রহমানের অনুসারীরা নগরের বিভিন্ন এলাকায় তাঁকে মেয়র পদে দেখতে চেয়ে পোস্টার লাগিয়েছেন। তাঁর ছবিসহ রঙিন পোস্টার নগরের বিভিন্ন এলাকায় সাঁটানো হয়েছে।

অনুষ্ঠানে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক জিয়াউল হক ও কুমিল্লা সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।