কুমিল্লায় যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
কুমিল্লার মনোহরগঞ্জে জমি দখলের অভিযোগে এক যুবলীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন হয়েছে। ওই যুবলীগ নেতার নাম কামাল হোসেন। তিনি উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও হাসনাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান।
আজ শুক্রবার বেলা দুইটায় কুমিল্লা নগরের ধর্মসাগরপাড় এলাকার একটি রেস্তোরাঁয় এ সংবাদ সম্মেলন করেন উপজেলার আলী নকিবপুর গ্রামের বাসিন্দা ও বাহরাইনপ্রবাসী শাহীন কবির। এ সময় শাহীনের বাবা হাসনাবাদ ইউপির সাবেক সদস্য আবদুল মান্নানসহ অন্তত ২০ ভুক্তভোগী উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাহীন কবির দাবি করেন, কামাল হোসেন ক্ষমতার অপব্যবহার ও রাজনৈতিক প্রভাবে তাঁদের পরিবারের ওপর অত্যাচার ও নির্যাতন করে যাচ্ছেন। কামাল হোসেন, তাঁর ভাই দেলোয়ার হোসেন, মজনু মিয়া, চাচাতো ভাই আনোয়ার হোসেন ও হুমায়ুন কবির ভুয়া খতিয়ান তৈরি করে তাঁদের ৩ একর ৭ শতক জমি দখলের চেষ্টা করছেন। এরই মধ্যে প্রায় ২ একর জমি দখল করে ফেলেছেন। তাঁদের ভয়ে এলাকায় কেউ মুখ খুলতে সাহস পান না। এ অবস্থায় সম্পত্তি উদ্ধারের জন্য তিনি প্রধানমন্ত্রী, এলজিআরডিমন্ত্রী ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
অভিযোগ প্রসঙ্গে চেয়ারম্যান কামাল হোসেন বলেন, ১৯৬৯ সালে সাফকবলা দলিল মূলে এই সম্পত্তির মালিক তাঁরা। তখন থেকেই এই সম্পত্তি তাঁর পরিবারের দখলে রয়েছে। উল্টো অভিযোগকারী ১৯৯৪ সালে ভুয়া বিনিময় দলিল করে এই সম্পত্তির মালিকানা দাবি করছেন। তাঁদের অভিযোগ অসত্য।