কুমিল্লায় ২৪ ঘণ্টায় করোনায় ১৫ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কুমিল্লা জেলায় সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৭৭২। বৃহস্পতিবার বিকেল ৫টা ৩০ মিনিটে জেলা সিভিল সার্জন কার্যালয় এই তথ্য দেয়।

গত বছরের ১১ এপ্রিল প্রথম কুমিল্লায় করোনায় একজনের মৃত্যুর মধ্য দিয়ে এই সংখ্যা ক্রমাগত বাড়তে থাকে।

মৃত ব্যক্তিদের মধ্যে আদর্শ সদর উপজেলার চারজন, দাউদকান্দি ও মুরাদনগরের দুজন করে, আদর্শ সদর, বরুড়া, বুড়িচং, ব্রাহ্মণপাড়া, চৌদ্দগ্রাম, দেবীদ্বার ও মনোহরগঞ্জের একজন করে আছেন।

এদিকে গত পাঁচ দিনে কুমিল্লায় করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৪২৯ জনের। প্রতিদিন গড়ে ৮৮৬ জনের করোনা শনাক্ত হচ্ছে। শনাক্তের হার ৩৩ দশমিক ৭২। মারা গেছেন জন ৫২ জন। গড়ে প্রতিদিন ১০ জনের বেশি লোক মারা যাচ্ছেন। সুস্থ হয়েছেন ১ হাজার ২৯২ জন।

বৃহস্পতিবার জেলায় ৩ হাজার ২৩ জনের নমুনা নেওয়া হয়। ২ হাজার ৬১৮ জনের নমুনা প্রতিবেদন পাওয়া গেছে। এর মধ্যে করোনা পজিটিভ হয় ৮০২ জনের। এদিন সুস্থ হয়েছেন ১৫৫ জন।

পুরো জেলায় এ পর্যন্ত ৩২ হাজার ৭৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৭ হাজার ৫৬০ জন। মারা গেছেন ৭৭২ জন। শনাক্তের হার ছিল ৩০ দশমিক ৬ শতাংশ।

সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন, কুমিল্লায় শনাক্তের হার কিছুটা কমলেও মৃতের সংখ্যা বাড়ছে। মানুষ এখনো সচেতন হয়নি। মাস্ক পরলে ও টিকা নিলে সংক্রমণের হার আরও কমতে পারে।