কুলাউড়ায় আ.লীগের 'বিদ্রোহী' প্রার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুলাউড়া পৌরসভার মেয়র ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শফি আলম
ছবি: প্রথম আলো

মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী বর্তমান মেয়র শফি আলম ইউনুছকে দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শফি আলম পৌর আওয়ামী লীগের সদস্য ছিলেন। গতকাল বৃহস্পতিবার কুলাউড়া উপজেলা আওয়ামী লীগ সংবাদ সম্মেলন করে এ সিদ্ধান্তের কথা জানায়।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ১৬ জানুয়ারি কুলাউড়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র পদে শফি আলম ছাড়াও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সিপার উদ্দিন আহমদ, বিএনপির প্রার্থী উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক মেয়র কামাল উদ্দীন আহমদ ও স্বতন্ত্র প্রার্থী শাজান মিয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন। শফি আলম ২০১৫ সালের পৌরসভার নির্বাচনেও দলের ‘বিদ্রোহী’ প্রার্থী ছিলেন। তখন দল থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছিল। পরে দলের কেন্দ্র থেকে তাঁকেসহ অন্যান্য ‘বিদ্রোহী’ প্রার্থীদের সাধারণ ক্ষমা করা হয়।

দলীয় ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কুলাউড়া পৌর শহরের রেলস্টেশন চৌমোহনা এলাকায় অবস্থিত দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন শুরু হয়। সেখানে লিখিত বক্তব্য পড়েন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ স ম কামরুল ইসলাম। তিনি লিখিত বক্তব্যে বলেন, পৌরসভার নির্বাচনকে সামনে রেখে গত বছরের ৩০ ডিসেম্বর উপজেলা কমিটির বর্ধিত সভা ডাকা হয়। সভায় মৌলভীবাজার জেলা, কুলাউড়া উপজেলা ও পৌর আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। সভায় মেয়র পদে তিনজনের নাম প্রস্তাব করা হয়। এ সময় তিন মনোনয়নপ্রত্যাশী দলীয় প্রার্থীর বিরুদ্ধে ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে মৌখিক অঙ্গীকার করেন।

শফি আলম ইউনুছ দলের সিদ্ধান্ত অমান্য করে ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। প্রার্থিতা প্রত্যাহারে মৌখিকভাবে তাঁকে অনুরোধ করলেও তিনি তা রাখেননি।

লিখিত বক্তব্যে আ স ম কামরুল ইসলাম আরও বলেন, পরে দলের কেন্দ্রের মনোনয়ন বোর্ড সিপার উদ্দিন আহমদকে মনোনয়ন দেয়। কিন্তু শফি আলম দলের সিদ্ধান্ত অমান্য করে ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। প্রার্থিতা প্রত্যাহারে মৌখিকভাবে তাঁকে অনুরোধ করলেও তিনি তা রাখেননি। তাই দলের গঠনতন্ত্র অনুযায়ী তাঁকে পৌর আওয়ামী লীগের সদস্যসহ দলের প্রাথমিক সদস্যের পদ থেকে সরাসরি বহিষ্কার করার সিদ্ধান্ত হয়। এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য বহিষ্কার করার সিদ্ধান্তের বিষয়ে অনুমোদনের জন্য কেন্দ্রে পাঠানো হলো।

গতকালের সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খোরশেদ আলীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে প্রতিক্রিয়া জানতে মুঠোফোনে যোগাযোগ করলে শফি আলম বলেন, ‘রানিং (বর্তমান) মেয়র পদে থাকাবস্থায় বর্ধিত সভার তালিকায় আমার নাম ২ নম্বরে রেখে তা কেন্দ্রে পাঠানো হয়েছিল। এ ছাড়া মৌখিক অঙ্গীকারের সময়ে বলেছি, আমার মায়ের সঙ্গে পরামর্শ করে পরে সিদ্ধান্ত জানাব। মায়ের পরামর্শ ও এলাকাবাসীর অনুরোধে আবারও প্রার্থী হয়েছি। সুষ্ঠু নির্বাচন হলে জয়ী হব।’