কুলাউড়ায় টানা বৃষ্টি হলেই জলাবদ্ধতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টানা বৃষ্টি হলেই বিভিন্ন এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে। গত শুক্রবার কুলাউড়া পৌর শহরের মাগুরা এলাকায়।  ছবি: প্রথম আলো
টানা বৃষ্টি হলেই বিভিন্ন এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে। গত শুক্রবার কুলাউড়া পৌর শহরের মাগুরা এলাকায়। ছবি: প্রথম আলো

টানা কয়েক ঘণ্টা বৃষ্টি হলেই মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। তখন লোকজন দুর্ভোগে পড়ে। পৌর কর্তৃপক্ষ বলছে, নালায় (ড্রেন) ময়লা-আবর্জনা ফেলায় এ সমস্যার সৃষ্টি হয়। তা ছাড়া শহরের প্রধান সড়কের দুই পাশে থাকা নালাগুলো ছোট। সেখানে বড় নালা নির্মাণ করলে শহরে জলাবদ্ধতার স্থায়ী সমাধান সম্ভব।

শহরের বিভিন্ন এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পৌরসভার কয়েকটি এলাকায় পাকা নালা আছে। অন্য এলাকাগুলোয় কাঁচা নালা। নালাগুলো নিয়মিত পরিষ্কার করা হয় না। এ কারণে ভরাট হয়ে গেছে। আবার অনেক স্থানে নালার ওপরে ঢাকনা নেই। এসব কারণে এখন টানা কয়েক ঘণ্টা বৃষ্টি হলেই পানি আটকে শহরে জলাবদ্ধতা দেখা দিচ্ছে। গত ২৭ জুন সকাল থেকে পরদিন ২৮ জুন বিকেল পর্যন্ত টানা বৃষ্টি হয়। এতে শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। অনেকের বাসাবাড়িতে পানি উঠে যায়। দোকানের মালপত্র ভিজে নষ্ট হয়ে যায়। এমনকি রেলওয়ে স্টেশন এলাকার চৌমোহনায় অবস্থিত কুলাউড়া থানার ভেতরে অবস্থিত কোয়ার্টারেও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল।

পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মাগুরা এলাকার বাসিন্দা সুমন আহমদ বলেন, বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে মানুষের দুর্ভোগের সীমা থাকে না। সড়কে হাঁটুপানি জমে যায়। দীর্ঘদিন ধরেই এ সমস্যা চলছে। অথচ এর প্রতিকারে এখনো কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হলো না। এটা দুঃখজনক। ২ নম্বর ওয়ার্ডের দেখিয়ারপুর এলাকার বাসিন্দা এইচ ডি রুবেল বলেন, অতিবৃষ্টি হলে সাদেকপুর সড়ক ডুবে যায়। ওই সড়ক দিয়ে ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা আসা-যাওয়া করেন।

পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইকবাল আহমদ বলেন, অনেকে দোকানপাট ও বাসাবাড়ির ময়লা পলিথিনে ভরে নালায় ফেলে দেয়। নালায় পানি চলাচলে এটা একটা বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

পৌরসভার মেয়র শফি আলম প্রথম আলোকে বলেন, বছরে তিনবার শহরের সব নালা পরিষ্কার করে দেওয়া হয়। তবে অনেকে নিচু স্থানে বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছেন। ফলে তাঁরা বেশি ক্ষতিগ্রস্ত হন। তিনি আরও বলেন, পৌরসভার বিভিন্ন স্থানে নালাগুলো পুরোনো হয়ে গেছে। এসব স্থানে নতুন করে পাকা নালা নির্মাণসহ বিভিন্ন কাজের জন্য জলবায়ু ট্রাস্ট তহবিল থেকে ১১ কোটি টাকা চাওয়া হয়েছে।

পৌরসভা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ১৯৯৬ সালে কুলাউড়া পৌরসভা গঠিত হয়। এর ৯টি ওয়ার্ডে মোট জনসংখ্যা প্রায় ৪০ হাজার। পৌরসভার বিভিন্ন স্থানে এখন ২৮ কিলোমিটার কাঁচা এবং ২৩ দশমিক ৯৭ কিলোমিটার পাকা নালা রয়েছে। শহরের দক্ষিণ দিকে প্রবাহিত গোগালীছড়া নদী ও উত্তর দিকে রেললাইনের পাশ দিয়ে প্রবাহিত একটি নালা দিয়ে বর্ষার পানি হাকালুকি হাওরে গিয়ে পড়ে। আর শহরের ভেতর দিয়ে গেছে মৌলভীবাজার-বড়লেখা আঞ্চলিক মহাসড়ক। এটিই শহরের প্রধান সড়ক। এ সড়কের দুই পাশে পাকা নালা রয়েছে। শহরের বেশির ভাগ এলাকার পানি এসব নালা দিয়ে গোগালীছড়া নদী ও উত্তর বাজার এলাকার নালাতে গিয়ে পড়ে। কিন্তু নালাগুলো ছোট। ফলে পানি দ্রুত নিষ্কাশন হতে পারছে না। 

এ বিষয়ে মেয়র শফি আলম বলেন, শহরের কাপুয়া সড়ক সেতু থেকে উত্তর বাজার রেলক্রসিং পর্যন্ত মহাসড়কের প্রায় তিন কিলোমিটার চার লেনসহ সেখানে সড়কের দুই পাশে চওড়া করে নালা নির্মাণ হলে জলাবদ্ধতা সমস্যার ৮০ শতাংশ সমাধান হয়ে যাবে। এ ব্যাপারে স্থানীয় সাংসদ সুলতান মোহাম্মদ মনসুর আহমদ সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের মৌলভীবাজার নির্বাহী প্রকৌশলীর কাছে সম্প্রতি একটি ডিও লেটার (আধা সরকারি চিঠি) দিয়েছেন। 

সওজের কুলাউড়া কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী রাশেদুল হক বলেন, এ–সংক্রান্ত একটি প্রকল্প গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন তাঁরা। সম্ভাব্য ওই প্রকল্পের আওতায় মৌলভীবাজার-বড়লেখা আঞ্চলিক মহাসড়কের রাজনগর থেকে বড়লেখার চান্দগ্রাম এলাকা পর্যন্ত সড়ক ২৪ ফুট চওড়া, সড়কের বিভিন্ন বাজার এলাকায় চার লেন করা এবং এসব স্থানে সড়কের দুই পাশে পাকা নালা নির্মাণের প্রস্তাব দেওয়া হবে। মাসখানেকের মধ্যে প্রকল্পটি তৈরি করে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুমোদনের জন্য পাঠানো হবে।