কুলাউড়ায় পানচাষিকে কুপিয়ে হত্যার অভিযোগ
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় রিমন মিয়া (৩২) নামের এক পানচাষিকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি উপজেলার সদর ইউনিয়নের গুঁতগুঁতি গ্রামের বাসিন্দা ইলিয়াছ মিয়ার ছেলে। এ ব্যাপারে আজ সোমবার রাতে কুলাউড়া থানায় হত্যা মামলা হয়েছে।
মামলার এজাহার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রিমন বাড়ি থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে কিছু টিলাভূমি ইজারা নিয়ে সেখানে তিন-চার বছর ধরে পান চাষ করতেন। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তিনি পানের জুম দেখতে বাড়ি থেকে বের হন। পরে আর ফেরেননি। স্বজনেরা একাধিকবার যোগাযোগের চেষ্টা করে তাঁর মুঠোফোন বন্ধ পান। আজ সকালের দিকে স্থানীয় কিছু লোক পানের জুমের কাছে একটি লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে স্বজনেরা সেখানে ছুটে গিয়ে লাশটি রিমনের বলে শনাক্ত করেন। বিকেল সাড়ে পাঁচটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। রাত আটটার দিকে রিমনের স্ত্রী ছালমা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা রাত সাড়ে আটটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির সময় নিহত রিমনের শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাত দেখা গেছে। পূর্ববিরোধের জের ধরে দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে হত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ মৌলভীবাজারের ২৫০ শয্যার হাসপাতালের মর্গে পাঠানো হবে।