কুলাউড়ায় বাড়ির ছাদে বনবিড়ালের ছানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ইটারঘাট এলাকায় বাড়ির ছাদে পাওয়া বনবিড়ালের তিনটি বাচ্চা
ছবি: প্রথম আলো

পাকা ঘরের ছাদে খেলতে গিয়ে এক শিশু অচেনা বন্য প্রাণীর তিনটি বাচ্চাকে দেখে চমকে ওঠে। সে এক এক করে তিনটিকে ধরে বাড়ির উঠানে নিয়ে যায়। একপর্যায়ে সেখানে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা জড়ো হন। বাচ্চাগুলো দেখতে মেছো বাঘের মতো লাগছিল। সবাই তা-ই ভাবলেন। কেউ কেউ বাচ্চাগুলোর ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্টও দেন।

খবর পেয়ে বন্য প্রাণী বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে বাচ্চাগুলো উদ্ধার করে। তারা প্রাণীগুলোকে বনবিড়াল বলে শনাক্ত করে। ঘটনাটি আজ বৃহস্পতিবার মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের সীমান্তবর্তী ইটারঘাট এলাকায় ঘটে।

ওই বাড়ির মালিক ইছরাইল আলী বলেন, তিনি স্থানীয় ইটারঘাট বাজারে জ্বালানি তেলের ব্যবসা করেন। সকালে বাড়ির এক শিশু ছাদে খেলতে যায়। এ সময় ছাদের কোণে বনবিড়ালের তিনটি বাচ্চার সন্ধান পায়। উঠানে নামানোর পর কৌতূহলী লোকজন সেগুলোকে দেখতে ভিড় জমান। অতীতে তাঁদের এলাকায় এ বন্য প্রাণী দেখা যায়নি। ফলে প্রথমে সঠিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার সদর রেঞ্জ কর্মকর্তা গোলাম সারোয়ার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তিনটি বাচ্চা বনবিড়ালের। এগুলোর বয়স চার-পাঁচ দিন হতে পারে। বনবিড়াল সাধারণত কবরস্থান, বাঁশঝাড় ও ঝোপঝাড়ে বেশি থাকে। ছাদটি নিরিবিলি পেয়ে মা বনবিড়াল সেখানে বাচ্চার জন্ম দিতে পারে। তিনটি বাচ্চাকে ছাদে নিয়ে রেখে দেওয়া হয়েছে। রাতে কোনো এক সময় হয়তো মা এসে সেগুলো নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যেতে পারে।