কুলিয়ারচরে ইভিএমে ভোট দিতে পুরুষদের চেয়ে পিছিয়ে নারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোট দিতে বেশি সময় লাগায় সারিতে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় নারী ভোটারদের। আজ সোমবার সকালে কুলিয়ারচরের রামদী ইউনিয়নের আগরপুর গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয় কেন্দ্রে
প্রথম আলো

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের রামদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ১ ও ৬ নম্বর বুথে ভোট দিচ্ছিলেন পুরুষ ও নারী ভোটাররা। একই সময় ভোটদান শুরু হলেও কয়েক ঘণ্টা পর ভোট গ্রহণে বেশ পার্থক্য পরিলক্ষিত হয়।

বেলা ১১টা ৩৮ মিনিটে নারীদের ৬ নম্বর বুথে ভোট পড়ে ৯৬টি। একই সময় পুরুষদের ১ নম্বর বুথে ভোট পড়ে ১২৯টি। সময়ের পার্থক্য না থাকলেও দুটি বুথে ভোট গ্রহণের ব্যবধান ৩৩টি।

উম্মে খায়রুন নাহার নামের এক সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ৬ নম্বর বুথের দায়িত্ব পালন করছিলেন। ভোটের ব্যবধানের বিষয়ে তাঁর ভাষ্য, ইভিএম সম্পর্কে পুরুষদের চেয়ে নারীদের ধারণা কম। বাটন চিনতে সময় বেশি লাগছে নারীদের। সবুজের বিপরীতে লাল, তারপরও সাদায় চাপ দিয়ে বসেন কেউ কেউ। বয়স্ক ব্যক্তিদের মধ্যে চোখে কম দেখার বিষয়টি তো আছেই।

রামদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৪৪৩ জন। দুপুর ১২টার মধ্যে ভোট পড়ে ৮৫২টি। ৪ ঘণ্টায় ভোট গ্রহণের হার ৩৪ দশমিক ৮৭।কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা মুশফিকুর রহমান বলেন, ইভিএম নিয়ে নারীদের ভীতি অনেক। বোঝাতে বোঝাতে বেলা শেষ। বুথে গিয়েও নানা জিজ্ঞাসা। এরপরও অনেকে ভুল বাটনে চাপ দিয়ে বসেন।

এই অবস্থায় ভোট গ্রহণ সংশ্লিষ্ট ব্যক্তিরা নানাভাবে সহযোগিতা করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছেন বলেও মন্তব্য করেন মুশফিকুর রহমান।

ইউনিয়নের আগরপুর গোকুল চন্দ্র উচ্চবিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৬৮৩ জন। প্রথম আড়াই ঘণ্টায় অর্থাৎ সাড়ে ১০টার দিকে এই কেন্দ্রে ভোট পড়ে ৪৯৫টি, বুথের সংখ্যা ৯টি। ওই সময় ভোট গ্রহণের হার ছিল ১৮ দশমিক ৪৪।

কেন্দ্রটির পুরুষদের ৪ নম্বর বুথে মোট ভোট গ্রহণ হবে ৩৩৩টি। সকাল ১০টা ২৩ মিনিটে এই বুথে ভোট গ্রহণ হয় ৭৮টি। একই সময় নারীদের ৬ নম্বর বুথে ভোট পড়ে মাত্র ৪০টি। নারী-পুরুষদের অন্যান্য বুথেও ৩০ থেকে ৩৬টি করে ভোটের ব্যবধান দেখা গেছে।

কেন্দ্রটির ভোটার পশ্চিম আগরপুর গ্রামের বাসিন্দা হালিমা বেগম (৬০)। আগে ভোট দিয়ে বাড়ি ফিরে স্বামী–সন্তানের জন্য খাবার তৈরি করবেন—এই ভাবনায় সকাল সাতটায় লাইনে এসে দাঁড়ান। সকাল আটটায় ভোট শুরুর দেড় ঘণ্টা পরও তাঁর সামনে ছিলেন আরও চারজন ভোটার।

হালিমা বেগম বলেন, ‘হুনলাম মেশিনে ভোট হয়তাছে। সারা জীবন সিল মাইরা অভ্যাস। কইলই কী মেশিনে টিপ দেওন যায়?’ হালিমার কথায় সায় দেন পেছনে দাঁড়িয়ে থাকা আরেক ভোটার হুসনা বেগমও।

ইউনিয়নের বড়চর মোহাম্মদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আগরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়েও বুথে নারী-পুরুষের ভোট গ্রহণের ব্যবধান দেখা গেছে।