কুলিয়ারচরে স্বতন্ত্র প্রার্থীর এজেন্টদের ঢুকতে না দিতে কেন্দ্রের বাইরে মহড়া
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া-আবদুল্লাহপুর ইউনিয়নের উত্তর গোবরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। ভোট গ্রহণ শুরু হতে তখনো অল্প কিছু সময় বাকি। তখনই কেন্দ্রের বাইরে লাঠিসোঁটা নিয়ে একটি পক্ষ মহড়া দেয়। পক্ষটির দাবি কেন্দ্রে নৌকা ছাড়া অন্য কোনো প্রার্থীর পোলিং এজেন্টরা যেন না থাকেন।
বাইরের মহড়ার খবর পৌঁছে যায় কেন্দ্রের ভেতরেও। তখন বিভিন্ন বুথে দায়িত্ব পালনের জন্য যাওয়া স্বতন্ত্র প্রার্থীদের এজেন্ট অনেকটা নিজ দায়িত্বেই কেন্দ্র ছেড়ে চলে যান।
আজ রোববার কুলিয়ারচরের ছয়টির মধ্যে পাঁচটিতে ভোট হচ্ছে। চেয়ারম্যান প্রার্থী ৩৪ জন। এর মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহীই নয়জন। গোবরিয়া-আবদুল্লাহপুর ইউপিতে চেয়ারম্যান প্রার্থীর সংখ্যা নয়জন এবং বিদ্রোহী পাঁচজন।
বিদ্রোহী প্রার্থী সাইফুল ইসলাম অভিযোগ করেন, কেন্দ্রে নৌকা ছাড়া আর কোনো এজেন্ট থাকবেন না—এই ঘোষণা কয়েক দিন আগ থেকে নৌকার সমর্থকেরা দিয়ে আসছিলেন। আজ ভোট শুরুর আগেই শোডাউন করে ভীতিকর পরিবেশ সৃষ্টির মাধ্যমে বিদ্রোহী প্রার্থীর কোনো এজেন্টকে যেতে দেওয়া হয়নি। ফলে কেন্দ্রটি এককভাবে নৌকার নিয়ন্ত্রণে চলে যায়।
সকাল ৯টা ৫০ মিনিটে কেন্দ্রে গিয়ে দেখা যায়, কোনো বুথে নৌকা ছাড়া আর কোনো প্রার্থীর এজেন্ট নেই। তবে ওয়ার্ড সদস্য প্রার্থীদের এজেন্ট ছিলেন।
অন্য কোনো চেয়ারম্যান প্রার্থীর এজেন্ট না থাকার কারণ জানতে চাইলে ৩ নম্বর বুথের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ইকরামুল কবির বলেন, তিনি এর কারণ জানেন না। ৯টা ৫৬ মিনিট পর্যন্ত তাঁর বুথে ভোট পড়ে ৬৮টি। ধীরগতির বিষয়েও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
এই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্বে রয়েছেন আনন্দ চন্দ্র বর্মণ। তিনি জানান, সকালে বাইরে কী হয়েছে, তা তাঁর জানা নেই। তবে কেন্দ্রের ভেতর কোনো ঝামেলা হয়নি। কেন্দ্রটিতে মোট ভোট ১ হাজার ৯৮১টি।
বিদ্রোহী প্রার্থীদের অভিযোগের বিষয় নৌকার প্রার্থী মোহাম্মদ এনামুল হকের ভাষ্য, এসব মিথ্যা অভিযোগ। কোনো কেন্দ্রে নৌকার সমর্থকেরা অন্য প্রার্থীর এজেন্টদের বের করে দেননি। বরং কোনো কোনো কেন্দ্রে নৌকার এজেন্টরাই অন্য প্রার্থীর সমর্থকদের চাপে আছেন।