কুশিয়ারা নদীতে নারীর অর্ধগলিত লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সিলেটের বিয়ানীবাজারে কুশিয়ারা নদী থেকে অর্ধগলিত অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি গলে যাওয়ার মুখমণ্ডল বোঝা যায়নি এবং বয়সও নির্ধারণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

আজ শুক্রবার সকাল নয়টার দিকে উপজেলার শেওলা মোড়ে কুশিয়ারা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,সকালে স্থানীয়রা নদীতে একটি লাশ ভেসে উঠতে দেখে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে খবর দেয়। পরে বিয়ানীবাজার থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। লাশটি পানিতে থাকায় পচে ফুলে গেছে। যার কারণে নিহতের মুখমণ্ডল বোঝা যায়নি এবং বয়সও নির্ধারণ করা সম্ভব হয়নি।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবণি শংকর কর প্রথম আলোকে বলেন, নদী থেকে উদ্ধার হওয়া লাশটি অজ্ঞাত হিসেবে সিলেট এমএজি ওসমানী মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। লাশটি হিন্দু ধর্মাবলম্বী নারী হতে পারে জানিয়ে তিনি বলেন, লাশটি গলে গেছে। তবে তাঁর হাতে হিন্দু বিবাহিত নারীদের প্রতীক শাখা ছিল।