কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে ফের গর্ত, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন জেলায় সড়কগুলো বেহাল হয়ে পড়েছে। কোথাও কোথাও নির্মাণের অল্প দিনের মধ্যেই পিচ–খোয়া উঠে গেছে। সৃষ্টি হয়েছে গর্তের। কোথাও সড়ক ধসে পড়েছে। এসব সড়ক নিয়ে ধারাবাহিক প্রতিবেদন

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্ত সংস্কারে ইট ফেলা হলেও যানবাহনের চলাচল ব্যাহত হচ্ছে। ছবিটি সম্প্রতি কুষ্টিয়া শহরের মজমপুর এলাকা থেকে তোলা l প্রথম আলো
কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্ত সংস্কারে ইট ফেলা হলেও যানবাহনের চলাচল ব্যাহত হচ্ছে। ছবিটি সম্প্রতি কুষ্টিয়া শহরের মজমপুর এলাকা থেকে তোলা l প্রথম আলো

বর্ষা মৌসুমে আবারও কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের প্রায় ২৪ কিলোমিটার অংশের বিভিন্ন স্থানে পাথর উঠে গেছে। মহাসড়কটিতে ফের অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। দুর্ভোগে পড়েছেন এই সড়কে চলাচলকারী চালক ও যাত্রীরা।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কুষ্টিয়া কার্যালয় থেকে জানা গেছে, কুষ্টিয়া শহরের মজমপুর রেলগেট থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় পর্যন্ত মহাসড়কের প্রায় ২৪ কিলোমিটার অংশ কার্পেটিং করার জন্য ২০১৪ সালে দরপত্র আহ্বান করা হয়। এ জন্য ব্যয় ধরা হয় প্রায় সাত কোটি আট লাখ টাকা। কাজের দায়িত্ব পায় সিলেটের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জামিল ইকবাল এন্টারপ্রাইজ। গত বছরের ৩ মার্চ কাজ শুরু হয়। দরপত্র অনুযায়ী একই বছরের ২১ জুনের মধ্যে কাজ শেষ করার কথা ছিল। তবে তড়িঘড়ি করে মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে কাজ শেষ করা হয়। এর মধ্যে ঠিকাদার প্রায় ছয় কোটি টাকা তুলে নেন।

প্রকল্পের কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছিল। এ বিষয়ে গত বছরের ১১ এপ্রিল প্রথম আলোয় ‘পাথর ও বিটুমিন কম ব্যবহারের অভিযোগ’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। ওই বছরের ২৬ জুন প্রথম আলোয় ‘কয়েক দিনের বৃষ্টিতে সড়কে গর্ত’ শিরোনামে আরও একটি প্রতিবেদন ছাপা হয়। পরে ঠিকাদারি প্রতিষ্ঠান ও সওজের লোকজন ইট-পাথর দিয়ে গর্ত ভরাটকরেন। কিন্তু এবারের বর্ষা মৌসুমে ফের ওই সড়কে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে।

সওজের কর্মকর্তাদের দাবি, মহাসড়ক সংস্কারের শিডিউলেওভার লের (বিদ্যমান সড়কের ওপর পাথর-বিটুমিনের আস্তরণ) জন্য কোনো বরাদ্দ ছিল না। এটা না করলে সড়ক টিকবে না। আর এ জন্য দরকার বড় প্রকল্প।

গত ১৬ আগস্ট সরেজমিনে দেখা যায়, শহরের মজমপুর, বিসিক এলাকা, চৌড়হাস, ভাদালিয়া, আলামপুর, বৃত্তিপাড়া ও লক্ষ্মীপুর এলাকায় মহাসড়কের কিনারে ও মাঝখানের পাথর-পিচ উঠে গেছে। সড়কের পাশে ছড়িয়ে-ছিটিয়ে আছে এসব পিচ-পাথর। এসব এলাকার সড়কে ছোট-বড় অসংখ্য গর্ত। বিসিক এলাকায় সওজের একটি ট্রাকে করে পাথর ও পিচ নিয়েগর্ত ভরাট করছেন কয়েকজন শ্রমিক। তাঁরা গর্তের ভেতর পাথর ফেলে তাতে পিচ ঢেলে বালু দিয়ে ভরাট করছেন। এর ওপর দিয়ে যানবাহন চলাচল করছে। এতে আবারও পাথর উঠে যাওয়ার উপক্রম হচ্ছে।

কুষ্টিয়া সওজের উপবিভাগীয় প্রকৌশলী দেব দয়াল বলেন, ‘কয়েক দিন টানা বৃষ্টি হওয়ায় সড়ক নরম হয়ে গেছে। এ ছাড়া মাঝেমধ্যে গোয়ালন্দফেরিঘাট বন্ধ থাকায় খুলনা ও বরিশালের সব যানবাহন এই পথে চলাচল করছে। এতে গর্তের সৃষ্টি হয়েছে।’ তিনি জানান, বড় ধরনের প্রকল্প নিয়ে কাজ না করলে এই সড়ক টেকানো সম্ভব হবে না। আগামী বছরের মধ্যে নতুন প্রকল্প বাস্তবায়ন না হলে সড়কের পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে।

সওজের উপসহকারী প্রকৌশলী সোহাগ মিয়া বলেন, গর্ত ভরাটে কাজ চলছে। তবে এটা সাময়িক ব্যবস্থা। দীর্ঘ মেয়াদে ব্যবস্থা নিতে নতুন প্রকল্পের বিকল্প নেই।