কুষ্টিয়া পৌর এলাকায় চোর–আতঙ্কে রাত কাটে গোয়ালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
  • মিনাপাড়া মহল্লার পাশেই বাইপাস সড়ক হওয়ায় চোরের দল সহজে পালাতে পারে।

  • চোরাই গরু–মহিষ ব্যবসায়ীদের হাত ঘুরে চলে যায় পাবনার বিভিন্ন পশুর হাটে।

গরু–মহিষ
প্রতীকী

অন্যরা যখন ঘরের জানালা-দরজা বন্ধ করে লেপ-কম্বলের ভেতর নিশ্চিন্তে ঘুমান, তখন স্বপন আলী ফকির গোয়ালঘরে শুয়ে অনেকটা নির্ঘুম রাত কাটান। তাঁর আতঙ্ক গোয়ালের গরু চুরি হওয়ার। স্বপন আলীর মতো কুষ্টিয়া পৌর এলাকার শহরতলি মিনাপাড়াসহ পাশের দুটি গ্রামের কৃষকদের মাঝেও গরু চুরির আতঙ্ক দেখা দিয়েছে।

কৃষকেরা জানিয়েছেন, গত দুই বছরে মিনাপাড়াসহ পাশের দুটি গ্রাম থেকে ৪৩টি গরু-মহিষ চুরি গেছে। এই সময়ে চুরি হয়েছে ২০টির বেশি সেচপাম্প। মিনাপাড়া মহল্লার পাশেই জগতি পুলিশ ক্যাম্প। নিয়মিত চুরির ঘটনা নিয়ে এলাকাবাসী পুলিশ সুপারের কাছেও অভিযোগ দিয়েছেন।

মিনাপাড়া মহল্লার পাশেই কুষ্টিয়া শহর বাইপাস সড়ক। এই মহল্লার কয়েকজন বাসিন্দা বলেন, আগে এলাকায় তেমন একটা চুরির ঘটনা না ঘটলেও দুই বছর আগে বাইপাস সড়ক চালুর পর থেকে নিয়মিত চুরির ঘটনা ঘটছে। চোরের দল চুরির পর যানবাহনে চেপে সহজেই পালাতে পারে।

কয়েকজন ভুক্তভোগী জানান, গত দুই বছরে মিনাপাড়া, কাটা জুলাপাড়া মহল্লা ও ঢাকা ঝালুপাড়া থেকে ৪৩টির বেশি গরু ও মহিষ চুরি হয়েছে। স্থানীয় চোরদের সঙ্গে জেলার ভেড়ামারা উপজেলার কিছু গরু-মহিষ ব্যবসায়ীর যোগসাজশ আছে। চোরাই গরু-মহিষ ওই ব্যবসায়ীদের হাত ঘুরে চলে যায় পাশের জেলা পাবনার বিভিন্ন পশুর হাটে।

ঢাকা ঝালুপাড়া এলাকার কৃষক আবদুল হান্নান বলেন, সম্প্রতি তাঁর দুটি গাভি গরু চুরি হয়েছে। গাভির দুধ বিক্রির টাকায় তাঁর সংসারের বেশির ভাগ ব্যয় নির্বাহ হয়। রাতে গাভি চুরি যাওয়ার পর তিনি পরদিন সকালে জেলার একটি পশুহাটে যান। হাটের এক ব্যাপারী হান্নানকে জানান, কুষ্টিয়া থেকে চুরি করা গরু স্থানীয় হাটে তোলা হয় না। বিক্রি হয় পাশের জেলা পাবনায়।

হান্নান বলেন, ব্যাপারীর পরামর্শ অনুযায়ী এক দিন পর পাবনার গাভি গরু কেনাবেচার জন্য পরিচিত আতারপাড়া পশুহাটে যান তিনি। দুপুরের দিকে হাটে আসা একটি শ্যালো ইঞ্জিনচালিত গরুবোঝাই ট্রাকে তাঁর একটি গাভি দেখতে পান। পরে হান্নান বিষয়টি হাটের ইজারাদারকে জানান। ইজারাদার ওই ট্রাকের লোকদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন, এসব গরুর মালিক কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগর গ্রামের গরু ব্যবসায়ী আলাল ব্যাপারী। ইজারাদারদের মধ্যস্থতায় একটি গাভি ফেরত পান হান্নান।

হান্নান আরও বলেন, আলাল ব্যাপারীর ঠিকানা নিয়ে তাঁর সঙ্গে দেখা করেন তিনি। আলাল সে সময় তাঁকে জানান, চুরি যাওয়া গাভি দুটি একই উপজেলার জুনিয়াদহ গ্রামের শিশির ব্যাপারীর কাছ থেকে কিনেছিলেন। হান্নানকে আশ্বাস দেন, অপর গাভিটিও ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। কিছুদিন পর গাভিটি ফেরত চাইলে আলাল তাঁকে বলেন, একটা গাভি নিয়েই সন্তুষ্ট থাকো, চোরদের সঙ্গে লাগতে যেয়ো না। এরপর হান্নান অপর গাভিটি ফেরত চাওয়ার সাহস করতে পারেননি।

ভুক্তভোগীদের অভিযোগ, কুষ্টিয়া পৌর এলাকার এক প্রভাবশালী নেতার ভাই গরু চোর সিন্ডিকেটের মূল হোতা। এতে এলাকার সাধারণ মানুষ চোরদের বিরুদ্ধে মুখ খুলতে ভয় পান। ভুক্তভোগীদের মধ্যে কয়েকজন চুরির ব্যাপারে কুষ্টিয়া মডেল থানায় জিডি করলেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি।

এ বিষয়ে কুষ্টিয়া পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত বলেন, ভুক্তভোগীরা তাঁর দপ্তরে অভিযোগ দিলে তিনি ঘটনাটি জানতে পারেন। পরে মডেল থানার ওসি ও গোয়েন্দা পুলিশের ওসিকে চোর চক্রের সদস্যদের আটক করতে নির্দেশ দিয়েছেন।