কুষ্টিয়ার সেই বাড়িতে ২১ ঘণ্টার অভিযান শেষ
জঙ্গি আস্তানা সন্দেহে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বামনপাড়া তালতলা এলাকায় চলা অভিযানের সমাপ্তি ঘোষণা করেছে পুলিশ। আজ শনিবার রাত সাড়ে নয়টায় পুলিশের খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান ‘অপারেশন টেপিড পাঞ্চ’ নামের ২১ ঘণ্টা ধরে চলা এই অভিযান শেষের ঘোষণা দেন। গতকাল শুক্রবার রাত ১২টায় অভিযান শুরু হয় বলে জানায় পুলিশ।
অভিযান শেষ করার আগে বাড়িটির ভেতরে পাওয়া বেশ কিছু বিস্ফোরকের বিস্ফোরণ ঘটায় বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা।
অভিযানে তিন নারী জঙ্গিকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক অতিরিক্ত পুলিশ সুপার বলেন, আটক হওয়া তিন নারী হলেন টলি আরা, নব্য জেএমবির আমির আইয়ুব বাচ্চুর স্ত্রী তিথি ও জঙ্গি তালহার স্ত্রী সুমাইয়া। বাড়িটির দুটি কক্ষ ভাড়া নিয়েছিলেন টলি আরা। তিথি ও সুমাইয়াকে ননদ পরিচয়ে ভাড়া বাসায় নিয়ে আসেন তিনি। তিথির সঙ্গে চার মাসের এক শিশু ছিল। টলি আরার সঙ্গে ছিল ছয় বছরের একটি শিশু।
ওই বাড়ি ঘিরে রাখার পর একটি পিস্তল, চারটি ম্যাগাজিন, দুটি সুইসাইড ভেস্টসহ বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। পরে সুইসাইড ভেস্ট দুটি বিস্ফোরণ ঘটিয়ে সেগুলো নিষ্ক্রিয় করা হয়।
আজ রাতে অভিযান শেষ হওয়ার সময় সিআইডির কর্মকর্তারা ওই বাড়িটি থেকে বেশ কিছু আলামত সংগ্রহ করে নিয়ে যান।
পুলিশ সূত্র বলছে, জেলা পুলিশসহ ঢাকা থেকে আসা বোমা নিষ্ক্রিয়কারী দলে সদস্যরা অভিযানে অংশ নেয়। ওই বাড়িটিতে ছাদ ঢালাইসহ একটি ঘরের দুটি কক্ষ। অন্যটি টিনশেডের কক্ষ। বাড়ির ভেতরে ঢুকে মূল অভিযান শুরু করে পুলিশ।
অভিযান শুরুর আগে ওই জঙ্গি আস্তানার চারপাশে ৫০০ মিটার এলাকাজুড়ে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। তবে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান আজ রাত সাড়ে ১০টায় প্রথম আলোক বলেন, অভিযান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। জনগণের জানমালের নিরাপত্তার জন্য ঘিরে রাখা ভবনটির আশপাশজুড়ে ৫০০ মিটার এলাকায় যানবাহন ও মানুষের চলাচল নিষিদ্ধ করা হয়েছিল।