কুষ্টিয়ায় করোনায় আরও চারজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস।
প্রতীকী ছবি

কুষ্টিয়ায় করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতের বিভিন্ন সময় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে তাঁদের মৃত্যু হয়। আজ বুধবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।

মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে একজন সদর উপজেলা, দুজন মিরপুর ও একজন ভেড়ামারার বাসিন্দা ছিলেন। তাঁদের লাশ স্বাস্থ্যবিধি মেনে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে চলতি মাসে ২৩ দিনে ৫৪ জনের মৃত্যু হলো।

এদিকে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার-বুধবার সকাল ৮টা) জেলায় ১২২ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। ৩৫৪টি নমুনা অনুপাতে শনাক্তের হার ৩৬ দশমিক ৩০ শতাংশ। ১০ দিন ধরে একই অনুপাতে জেলায় করোনা পজিটিভ রোগী শনাক্ত হচ্ছে।

সিভিল সার্জনের কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় সুস্থ হয়েছেন ৪৩ জন। বর্তমানে হাসপাতালগুলোতে রোগী ভর্তি আছেন ১৪৭ জন। এর মধ্যে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের ১০০ শয্যার বিপরীতে ভর্তি রোগীর সংখ্যা ১২২। বিভিন্ন উপজেলার হাসপাতালে ভর্তি আছেন ২৫ জন। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ জন। এর মধ্যে ২৯ জন ভর্তি হয়েছেন জেনারেল হাসপাতালে।

জেলায় রোববার রাত থেকে কঠোর লকডাউন শুরু হয়। মানুষকে ঘরে রাখতে সোমবার ভোর থেকেই মাঠে তৎপর রয়েছেন জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

আজ বুধবার লকডাউনের তৃতীয় দিনেও জেলা ও উপজেলার বিভিন্ন প্রবেশমুখে পুলিশ সদস্যদের কড়া পাহারা দিতে দেখা যায়। জেলা প্রশাসন সূত্র জানায়, মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১২২ জনকে জরিমানা করা হয়।

জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, ছয়টি উপজেলার নির্বাহী কর্মকর্তা, এসি ল্যান্ডরা জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে একাধিক দল মাঠে আছে। মানুষকে ঘরে রাখতে আইন প্রয়োগ করতে তারা বাধ্য হচ্ছে।