কুষ্টিয়ায় করোনায় পাঁচজন, উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও দুজন। মৃত্যুবরণকারী সবাই কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইশোলেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন। আজ শনিবার বেলা ১১টায় সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য পাওয়া গেছে।

হাসপাতাল সূত্র জানিয়েছে, আক্রান্ত এবং উপসর্গ নিয়ে রোগী ভর্তির চাপ প্রতিদিনই বাড়ছে। এ জন্য গতকাল শুক্রবার থেকে এই হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতাল ঘোষণা করেছে স্থানীয় কর্তৃপক্ষ। দুপুর পর্যন্ত হাসপাতালে পজিটিভ ও উপসর্গ নিয়ে চারটি ওয়ার্ডে ১৮৮ জন রোগী ভর্তি আছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ২২৩টি নমুনা পরীক্ষার বিপরীতে জেলায় নতুন করে ৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৫ দশমিক ৬৪ শতাংশ। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৯৯০। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫ হাজার ২৩৪ জন। মৃত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮০। নতুন করে শনাক্ত হওয়া ৭৭ জনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় ৪৭ জন, দৌলতপুর উপজেলায় দুজন, কুমারখালী উপজেলায় ২০ জন, ভেড়ামারা উপজেলায় একজন, মিরপুর উপজেলায় চারজন ও খোকসা উপজেলায় তিনজন। বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ হাজার ৫৭৬। তাঁদের মধ্যে হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন ১৬৪ জন এবং হোম আইসোলেশনে আছেন ১ হাজার ৪১২ জন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আবদুল মোমেন বলেন, হাসপাতালে করোনায় আক্রান্ত এবং উপসর্গ নিয়ে রোগী ভর্তির সংখ্যা এখানে প্রতিনিয়ত বাড়ছে। চাপ সামলাতে স্বাস্থ্য বিভাগের কর্মীদের বেগ পোহাতে হচ্ছে। উপজেলা সদর, এমনকি জেলার দূরদূরান্ত থেকেও করোনায় আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে হাসপাতালে ছুটে আসছেন। আপাতত হাসপাতালে চিকিৎসক ও জনবল যা আছে, তা দিয়ে রোগীর চাপ সামাল দেওয়া গেলেও এভাবে যদি চাপ বাড়তেই থাকে, তাহলে অতিরিক্ত লোকবল প্রয়োজন হবে।

বর্তমান পরিস্থিতিতে হাসপাতালে অক্সিজেনসংকট দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে জানিয়ে আবদুল মোমেন বলেন, যাঁরা হাসপাতালে ভর্তি হচ্ছেন, তাঁদের প্রায় প্রত্যেকেরই অক্সিজেন সাপোর্ট দিতে হচ্ছে। এদিকে ২৫০ শয্যাবিশিষ্ট এই হাসপাতালে এখন আর করোনা ছাড়া অন্য কোনো রোগী ভর্তি করা হচ্ছে না।

করোনার সংক্রমণ কমাতে ২০ জুন রাত ১২টা থেকে কুষ্টিয়া জেলাজুড়ে লকডাউন চলছে। ২৭ জুন রাত ১২টা পর্যন্ত এ লকডাউন চলবে।