কুষ্টিয়ায় করোনায় মৃত্যু ২০০ ছাড়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

কুষ্টিয়ায় গতকাল সোমবার সকাল আটটা থেকে আজ মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে কুষ্টিয়া করোনা ডেডিকেটেড জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তিনজন এবং কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ওয়ার্ডে একজন মারা গেছেন।

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২০২ জনের মৃত্যু হলো। সিভিল সার্জন কার্যালয় সূত্র বলছে, জেলায় করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে গত এক মাসেই (২৯ মে থেকে ২৯ জুন সকাল পর্যন্ত) মারা গেছেন ৯০ জন। বিপরীতে এর আগের ১৪ মাসে মারা গেছেন ১১২ জন। অর্থাৎ ৪৪ দশমিক ৫৫ শতাংশ রোগীই মারা গেছেন গত এক মাসে।

জেলায় করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে গত এক মাসেই মারা গেছেন ৯০ জন। বিপরীতে এর আগের ১৪ মাসে মারা গেছেন ১১২ জন।

গত ২৪ ঘণ্টায় জেলায় ৫৪৫ জনের নমুনা পরীক্ষা করে ১৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৩ দশমিক শূন্য ৩ শতাংশ। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৩৫৭। গত ২৪ ঘণ্টায় নতুন ৮০ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ হাজার ৪৮৫ জন। আজ সকাল পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশনে ১৬৩ জন এবং বিভিন্ন হাসপাতালে আরও ৩৭ জন করোনা রোগী চিকিৎসাধীন। জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৪৫ জন।

কুষ্টিয়া মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক আক্রামুজ্জামান মিন্টু প্রথম আলোকে বলেন, অনেকে আছেন—যাঁরা জ্বর, ঠান্ডা–কাশির উপসর্গ নিয়ে বাড়িতে থাকছেন। কিন্তু সঠিক সময়ে চিকিৎসা করাচ্ছেন না। এমনটিই জেলায় বেশি ঘটছে। তাঁরা যখন গুরুতর অসুস্থ হয়ে পড়ছেন, তখনই হাসপাতালে ছুটছেন। তখন আর কিছুই করার থাকছে না।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জ্যেষ্ঠ মেডিসিন বিশেষজ্ঞ এ এস এম মুসা কবির বলেন, ‘করোনায় আক্রান্ত ও যাঁদের করোনার উপসর্গ আছে, তাঁরা দ্রুত চিকিৎসা গ্রহণ করুন। অবহেলা এবং দেরিতে চিকিৎসা শুরু মৃত্যুর ঝুঁকি বাড়াচ্ছে।’