কুষ্টিয়ায় গাছের ডালে ঝুলছিল লাশ
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় গাছের ডালে ঝুলে ছিল এক ব্যক্তির লাশ। বুধবার বেলা ১১টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে। ছুরিকাঘাতে হত্যার পর লাশটি গাছের ডালে ঝুলিয়ে রাখা হয়েছিল বলে ধারণা করছে পুলিশ।
নিহত ব্যক্তির নাম মফিজুল ইসলাম (৫৫)। তাঁর বাড়ি দৌলতপুর উপজেলার দৌলতপুর ইউনিয়নের দাড়েরপাড়া গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মফিজুল ইসলামের ছেলে সাগর তাঁর স্ত্রীকে প্রায় ৯ মাস আগে তালাক দেন। এরপর সাগর দ্বিতীয় বিয়ে করেন। তবে প্রথম স্ত্রীর পরিবারের সঙ্গে সাগরের পরিবারের মধ্যে বিরোধ চলছিল। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার পর থেকে মফিজুলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। বুধবার বেলা ১১টার দিকে বাড়ি থেকে মাত্র ৫০০ গজ দূরে একটি বাগানের মধ্যে গাছের ডালে রশির সঙ্গে ঝুলে ছিল মফিজুলের লাশ। খবর পেয়ে দৌলতপুর থানা-পুলিশ লাশটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, রশিতে ঝুললেও ওই ব্যক্তির পা মাটিতে ভাঁজ অবস্থায় ছিল। লাশের বাঁ পা ও হাতে ছুরির একাধিক কোপের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে। এ ঘটনায় যাঁদের সন্দেহ করা হচ্ছে, তাঁদের বাড়িতে পাওয়া যায়নি। অভিযান ও তদন্ত চলছে। থানায় হত্যা মামলা নেওয়া হচ্ছে।