কুষ্টিয়ায় চার খুন: আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হত্যা মামলা
কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের আস্তানগর গ্রামে চারজনকে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় পৃথক দুটি হত্যা মামলা হয়েছে। এর মধ্যে একটি মামলায় ওই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান কেরামত আলী বিশ্বাসকে প্রধান আসামি করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় পৃথক দুটি মামলা করা হয়।
পুলিশের আটক-আতঙ্কে আস্তানগর গ্রাম প্রায় পুরুষশূন্য। গতকাল সন্ধ্যায় চারটি লাশ এলাকায় দাফন করেন তাঁদের পরিবারের সদস্যরা। এরপর রাতে তাঁরা মামলা করেন।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, এলাকার পরিস্থিতি এখন শান্ত। থানায় পৃথক দুটি মামলা হয়েছে। আসামিদের ধরতে অভিযান চলছে।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, সংঘর্ষে নিহত মতিয়ার মণ্ডলের ভাই আশরাফুলের করা মামলায় ঝাউদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান কেরামত আলীকে প্রধান আসামি করা হয়েছে। মামলার মোট আসামি ৬৭ জন। আর নিহত রহিম মালিথার ছেলে রফিকুল ইসলাম বাদী হয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আনিসুর রহমান মণ্ডলকে প্রধান আসামি করে ২৭ জনের নামে মামলা করেছেন।
ঈদের আগের দিন সোমবার বিকেলে কুষ্টিয়া সদর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষে চারজন নিহত হন। নিহত ব্যক্তিরা হলেন আস্থানগর গ্রামের কাশেম আলী (৫০), লাল্টু মণ্ডল (৩০), রহিম মালিথা (৫০) ও মতিয়ার মণ্ডল (৪০)।
এ ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক। সংঘর্ষের সময় কুপিয়ে ওই চারজন হত্যা করা হয়। ঝাউদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কেরামত আলী বিশ্বাস এবং আওয়ামী লীগ-সমর্থিত ফজলুর রহমানের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়।