কুষ্টিয়ায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

কুষ্টিয়ার মিরপুরে চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার চুনিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। আজ সোমবার সকাল সাতটার দিকে ওই যুবকের মৃত্যু হয়েছে।

নিহত যুবকের নাম নিশান (৪০)। এ সময় গণপিটুনিতে জনি (৩৫) নামের আরেক যুবক গুরুতর আহত হয়েছেন। তাঁদের দুজনের বাড়ি কুমারখালী উপজেলার ছেঁউড়িয়া মণ্ডলপাড়া এলাকায়। নিশান ও জনির বিরুদ্ধে জেলার একাধিক থানায় চুরির অভিযোগে মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল মধ্যরাতে নিশান ও জনি চুনিয়াপাড়া এলাকার একাধিক বাড়িতে ঢোকেন। সর্বশেষ তাঁরা একটি বাড়িতে ঢুকলে ওই বাড়ির নারী সদস্য বিষয়টি বুঝতে পেরে চিৎকার করেন। এ সময় এলাকাবাসী ছুটে এসে নিশান ও জনিকে আটক করে গণপিটুনি দেন। পরে ওই দুই ব্যক্তি গুরুতর আহত হলে স্থানীয় ব্যক্তিরা তাঁদের মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে আজ সকাল সাতটার দিকে নিশানের মৃত্যু হয়।

আজ বিকেল পাঁচটার দিকে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) শুভ্র কান্তি দাস প্রথম আলোকে বলেন, ভোর চারটার দিকে স্থানীয় ব্যক্তিদের ফোনে জানতে পারেন, দুই চোরকে গণধোলাই দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁরা ভ্যান চুরি করতে গিয়ে ধরা পড়েছিলেন। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁদের গণপিটুনি দিয়েছেন।

শুভ্র কান্তি দাস বলেন, নিহত নিশানের লাশ ময়নাতদন্ত শেষে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাঁর পরিবারকে খবর দেওয়া হয়েছে। কিন্তু তাঁর পরিবারের পক্ষ থেকে এখনো কেউ লাশ নিতে কেউ আসেননি। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন তিনি।