কুষ্টিয়ায় টানা ২৪ দিনের লকডাউনেও কমেনি শনাক্ত ও মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লকডাউন
প্রতীকী ছবি

করোনা মোকাবিলায় টানা ২৪ দিন ধরে কুষ্টিয়া জেলাজুড়ে চলে লকডাউন। তবে এই সময়ে জেলায় সংক্রমণ না কমে বরং বেড়েছে। মৃত্যুও হয়েছে বেশি। ওই লকডাউন জেলার করোনা পরিস্থিতির কোনো সুফল বয়ে আনেনি। বরং এই সময়ে প্রতিদিন নতুন নতুন রেকর্ড সৃষ্টি হয়েছিল।

স্বাস্থ্যসংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, স্বাস্থ্য বিভাগ যে সময়ে ২ জুন জেলাজুড়ে লকডাউনের জোর সুপারিশ করেছিল, সে সময় প্রশাসন থেকে কোনো সাড়া মেলেনি। ১৮ দিন পর ২০ জুন মধ্যরাত থেকে লকডাউন ঘোষণা করে। ততক্ষণে করোনা গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ে। এ ছাড়া গ্রামে লকডাউন কঠোরভাবে বাস্তবায়ন হয়নি। ফলে করোনা সংক্রমণ ব্যাপক হারে ছড়িয়েছে, বেড়েছে মৃত্যু।

এদিকে করোনার ভয়াবহ পরিস্থিতিতে জেলার ছয়টি টিকাকেন্দ্রে টিকা নিতে মানুষ উপচে পড়েছে। শুরুতে টিকা নিতে যাঁরা অনীহা প্রকাশ করেছিলেন, তাঁরাই এখন অধিক আক্রান্ত ও মৃত্যুর খবর শুনে টিকাকেন্দ্রে ভিড় জমাচ্ছেন। সেখানে তাঁরা গাদাগাদিভাবে দাঁড়িয়ে থাকায় নতুন করে সংক্রমণ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

সর্বশেষ গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া করোনা হাসপাতালে ১০ জন করোনায় ও ৪ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। এ ছাড়া জেলায় ৮৯৪টি নমুনায় ২৭৩ জন করোনায় পজিটিভ শনাক্ত হয়েছেন। নমুনা অনুপাতে আক্রান্তের হার ৩০ দশমিক ৫৩ শতাংশ। ২২১ জন করোনায় ও ৬৪ জন উপসর্গ নিয়ে কুষ্টিয়া করোনা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

জেলা করোনা প্রতিরোধ কমিটির প্রতিদিনের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তির তথ্য ঘেঁটে দেখা গেছে, জেলায় এ পর্যন্ত ৭২ হাজার ২৬১টি নমুনা সংগ্রহ হয়েছে। গত ২৪ দিনে সংগ্রহ করা হয় ১৬ হাজার ১৫১টি নমুনা। এর মধ্যে পজিটিভ শনাক্ত হয় ৫ হাজার ৭১ জন। এ পর্যন্ত পজিটিভ সংখ্যা ১১ হাজার ৪৯৩ জন। অর্থাৎ গত ২৪ দিনে মোট শনাক্তের ৪৪ শতাংশ রোগী হয়েছে এই লকডাউনের মধ্যে।

এ ছাড়া জেলায় এযাবৎ মারা গেছেন ৩৭০ জন। লকডাউনের ২৪ দিনে মারা গেছেন ২১৬ জন। মোট মারা যাওয়ার ৫৮ দশমিক ২৭ শতাংশই এই লকডাউনে হয়েছে। এই সময়ে সুস্থ হয়েছেন ২ হাজার ১৩৬ জন।

কুষ্টিয়া করোনা হাসপাতাল সূত্র বলছে, চলতি জুলাই মাসের ১৪ দিনে হাসপাতালে ১৪০ জন রোগী মারা গেছেন। সবচেয়ে বেশি মারা গেছেন ৪ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত ৯৮ জন। এ ছাড়া জুন মাসে মারা গেছেন ৯৮ জন।

জেলা প্রশাসন সূত্র বলছে, লকডাউন বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। কিন্তু মানুষের মধ্যে সচেতনের অভাব দেখা গেছে। মানুষ যদি নিজের ভালো না বোঝে তাহলে কী করার আছে।

প্রতিদিন কুষ্টিয়া পুলিশ সুপার খাইরুল আলম তাঁর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে শহর থেকে গ্রামের পথে পথে লকডাউন বাস্তবায়নে কাজ করেছেন। মানুষকে সচেতন করতে সব পদক্ষেপ নেন। কিন্তু মানুষ তাতে গুরুত্ব কম দিয়েছে। যার ফলে রোগী বাড়তে থাকে।

কুষ্টিয়ার সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, বর্তমানে জেলায় করোনা স্থিতি পরিস্থিতিতে রয়েছে। সঠিক সময়ে নমুনা দিয়ে আইসোলেশন ও সঠিক চিকিৎসা নিশ্চিত করা, স্বাস্থ্যবিধি মানা ও মাস্ক পরার কোনো বিকল্প নেই। গ্রামের মানুষ সবচেয়ে বেশি অসচেতন। লকডাউন শিথিল হয়েছে। ঈদের পর পরিস্থিতি কী হয়, সেটাই দেখার বিষয়।

গতকাল বুধবার করোনা হাসপাতালে করোনা সংকটে এক মতবিনিময় সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সাংসদ মাহবুব উল আলম হানিফ বলেন, ‘শতভাগ স্বাস্থ্যবিধি মানাতে সবার তৎপর হতে হবে। ঈদের পর রোগী আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এ জন্য আগে থেকেই সক্ষমতা রাখতে হবে। চিকিৎসক–নার্স সমন্বয় ও হাসপাতাল অব্যবস্থাপনা দূর করতে হবে।