কুষ্টিয়ায় ট্রাকচাপায় চালকলের শ্রমিক নিহত
কুষ্টিয়ার দৌলতপুরে ট্রাকচাপায় হানিফ (৩৫) নামের এক চালকলের শ্রমিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার আল্লারদর্গা-সোনাইকুন্ডি সড়কের হিসনা নদীর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিক দৌলতপুর উপজেলার মসলমপুর লক্ষীখোলা গ্রামের বজলুর রহমানের ছেলে। তিনি স্থানীয় আল্লারদর্গা বায়জীদ এগ্রোফুড চালকলে শ্রমিকের কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, সকালে হানিফ বাড়ি থেকে বাইসাইকেলে করে চালকলে যাচ্ছিলেন। তিনি আল্লারদর্গা-সোনাইকুন্ডি সড়কের হিসনা নদীর সেতুর ওপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হানিফ নিহত হন। খবর পেয়ে দৌলতপুর থানার পুলিশ হানিফের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল আলম বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।