কুষ্টিয়ায় দুই মোটরসাইকেল আরোহী নিহত, ট্রাকে আগুন বিক্ষুব্ধদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

কুষ্টিয়ার দৌলতপুরে মালবাহী ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল রোববার রাত নয়টার দিকে কুষ্টিয়া-প্রাগপুর আঞ্চলিক সড়কের কৈপাল এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষুব্ধ জনতা ওই ট্রাকে আগুন ধরিয়ে দেয়। তবে ঘটনার পরপরই ট্রাকের চালক পালিয়ে যান।

নিহত ব্যক্তিরা হলেন দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের কৈপাল গ্রামের হযরত আলীর ছেলে বিদ্যুৎ আলী (৩২) ও ফিরুর ছেলে রাজন আলী (২৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে বিদ্যুৎ ও রাজন মোটরসাইকেলে করে স্থানীয় তারাগুনিয়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক তাঁদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এ সময় স্থানীয় লোকজন সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা দুর্ঘটনাকবলিত ট্রাকে আগুন ধরিয়ে দেন।

এতে কুষ্টিয়া-প্রাগপুর সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় রাত সাড়ে ১০টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা ওই সড়ক বন্ধ ছিল। খবর পেয়ে দৌলতপুর থানা–পুলিশ ও ভেড়ামারা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, গতকাল রাতেই নিহত ব্যক্তিদের লাশ পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।