কুষ্টিয়ায় নবজাতকদের জন্য বিনা পয়সায় স্ক্যানু সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাঁশগ্রামের শাহ আলমের স্ত্রী অঞ্জনা খাতুন গত ৪ জুলাই রাতে কুষ্টিয়া শহরের একটি বেসরকারি হাসপাতালে যমজ সন্তানের জন্ম দেন। নবজাতক দুটির ওজন হয় যথাক্রমে ১ কেজি ২০০ ও ১ কেজি ৬০০ গ্রাম। কম ওজন হওয়ায় নবজাতক দুটির গত বুধবার রাতে শ্বাসকষ্ট দেখা দেয়। দিশেহারা হয়ে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালের নবজাতক শিশুর বিশেষ সেবা ইউনিটে (স্ক্যানু) ভর্তি করা হয়।

সেখানে সেবা দিয়ে সুস্থ সবল করতে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। হাসপাতালের দোতলায় একটি কক্ষে এই ‘স্ক্যানু ইউনিট’ করা হয়েছে। নবজাতক দুটির দাদি বিলকিস বেগম বলেন, দুটি নাতির জন্মের পর কম ওজন দেখে দিশেহারা হয়ে পড়েন। পরে জানতে পারেন সদর হাসপাতালে তাদের সেবা দিয়ে সুস্থ করে তোলা সম্ভব। তাই দ্রুত সেখানে নিয়ে আসেন। এখন তারা বেশ শঙ্কামুক্ত।

স্ক্যানু ইউনিটের ইনচার্জ জ্যেষ্ঠ নার্স নিলুফা ইয়াসমিন প্রথম আলোকে বলেন, এই ইউনিটে সময়ের আগে জন্ম নেওয়া ও কম ওজনের নবজাতকদের বিশেষ সেবা দেওয়া হয়। গত মে, জুন ও জুলাই এই তিন মাসে ২৮৩ শিশু এখানে সেবা নিয়েছে। ১৬ শিশু মারা গেছে। বাকি ২৬৭ জন সুস্থ হয়ে বাড়ি গেছে।

ইউনিটের রেজিস্ট্রারের তথ্যমতে, মে মাসে ১০০ শিশু সেবা নিয়েছে। এর মধ্যে এই হাসপাতালে জন্ম নেওয়া ২৩, বাকি ৭৭ শিশু কুষ্টিয়াসহ আশপাশের জেলা ও উপজেলার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিক থেকে এসেছিল। ৪ শিশু মারা যায়। বাকি ৯৬ জন এখন সুস্থ হয়ে বাড়িতে গেছে। জুন মাসে ৯০ শিশুর মধ্যে ৫ জন মারা গেছে। এখানেও জেনারেল হাসপাতালের বাইরে থেকে জন্ম নেওয়া শিশুর সংখ্যা ছিল ৫৫। আর যারা মারা গেছে তাদের অবস্থা খুবই গুরুতর ছিল। জুলাই মাসে ৯৩ শিশু ভর্তি হয়। মাত্র ৭ জন মারা যায়। ৮৪ জন সুস্থ হয়ে বাড়ি চলে যায়। বর্তমানে সেখানে জন্মগত বিভিন্ন সমস্যা নিয়ে কম ওজনের ১০ শিশু ভর্তি আছে। প্রতিদিনই ২-৩টা করে শিশু ভর্তি হতে আসে।

হাসপাতাল সূত্র জানায়, ইউনিসেফের সহায়তায় এ বছরের ২২ এপ্রিল আনুষ্ঠানিকভাবে ইউনিটের উদ্বোধন করেন কুষ্টিয়া-৩ সদর আসনের সাংসদ মাহবুব উল আলম হানিফ। উদ্বোধনের পর থেকেই এই ইউনিটে সেবা নিতে আসা নবজাতকের সংখ্যা বাড়ছে। সম্পূর্ণ বিনা মূল্যে এই সেবা দেওয়া হচ্ছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও মেডিকেল কলেজের ৬ জন শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ও ৯ জন নার্স সার্বক্ষণিক এটার দেখভাল করেন।

জানতে চাইলে কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (শিশু) মো. আইয়ুব আলী প্রথম আলোকে বলেন, সময়ের আগে ও কম ওজনের জন্ম নেওয়া শিশুদের শরীরে তাপমাত্রাসহ জন্মগত বেশ কয়েকটি সমস্যা হয়। ওই ধরনের শিশুদের সুস্থ সবল করতে এই ইউনিটে নেওয়া হয়। এই ইউনিট হওয়ায় কুষ্টিয়াসহ আশপাশের কয়েকটি জেলার শিশুমৃত্যু হার কমে আসছে। এটার আরও প্রচার হওয়া প্রয়োজন।

সম্প্রতি হাসপাতালের দোতলার ওই ইউনিটে গিয়ে দেখা গেল, দরজার সামনে ‘সর্বসাধারণের প্রবেশ নিষেধ’ লেখা। চিকিৎসক ও দায়িত্বরত নার্স আর শিশুর একজন অভিভাবক ছাড়া অন্যরা প্রবেশ করতে পারে না। ইউনিটটি অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। জানালাগুলো কাচ দিয়ে ঢাকা। শব্দ ও দূষিত বাতাস থেকে মুক্ত রাখতে এই ব্যবস্থা। ইউনিটের দায়িত্বরত চিকিৎসক ও নার্সদের রয়েছে বিশেষ পোশাক। সেখানে প্রত্যেক নবজাতকের জন্য রয়েছে বিশেষ ধরনের ১০টি শয্যা। তাপমাত্রা নিয়ন্ত্রণ করা ও ফটোথেরাপি মেশিন রয়েছে। শয্যার চারপাশে রয়েছে চিকিৎসা সেবার নানা যন্ত্র। হাসপাতালের চিকিৎসক নাসিমুল বারী নিজ খরচে এই ইউনিটে দুটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) ব্যবস্থা করেছেন। দেখে মনে হচ্ছে কোনো নামীদামি বেসরকারি হাসপাতালের পরিপাটি ওয়ার্ড। পুরো পরিবেশটি নীরব-নিস্তব্ধ। চিকিৎসক ও সেবিকারা চিকিৎসাসেবা দিচ্ছেন নীরবে। সেবা নেওয়া নবজাতকেরা শূন্য থেকে ২৮ দিন বয়সী।

ইউনিটের ইনচার্জ জ্যেষ্ঠ সেবিকা নিলুফা ইয়াসমিন জানান, ইউনিটের পাশের কক্ষে শিশুদের একজন অভিভাবক থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। দুধ খাওয়ানোর সময় মায়েদের এখানে আনা হয়।

চিকিৎসকেরা জানান, মূলত পাঁচটি কারণে শিশুদের স্ক্যানুতে রাখার প্রয়োজন পড়ে। ওজন কম হয়ে জন্মলাভ করা, অপরিপূর্ণ অবস্থায় জন্মলাভ, জন্মের পর রোগাক্রান্ত হওয়া, জন্ম থেকে নিশ্বাস নিতে কষ্ট হওয়া অথবা নিশ্বাস নিতে না পারা ও জন্ম থেকে জন্ডিসে আক্রান্ত শিশুদের স্ক্যানুতে রেখে চিকিৎসা দেওয়া হয়। এই ইউনিট পরিচালিত হয় ইউনিসেফের অর্থায়নে।

গত ২২ জুন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মহেন্দ্রপুর গ্রামের শ্যামলী আকতার কম ওজনের কন্যাশিশু জন্ম দেন। পরবর্তী সময় তাকে সরকারি হাসপাতালের এই ইউনিটে নেওয়া হয়। শিশুটিকে ১৮ দিন সেবা দেওয়ার পর সুস্থ সবল করে বাড়িতে পাঠানো হয়। শ্যামলী আকতারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তাঁর মেয়ে আগের তুলনায় এখন সুস্থ।