কুষ্টিয়ায় পদ্মা নদীতে ডুবে দুই কলেজছাত্র নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পানিতে ডুবে যাওয়া
প্রতীকী ছবি

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে ডুবে ইউসুফ আলী (১৯) ও সামিরুল ইসলাম (১৮) নামের দুই কলেজছাত্র নিখোঁজ হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা একটার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পদ্মা নদীতে আবেদের ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ইউসুফ ও সামিরুল স্থানীয় ফিলিপনগর মরিচা (পিএম) ডিগ্রি কলেজের যথাক্রমে দ্বাদশ ও একাদশ শ্রেণির ছাত্র। ইউসুফ ফিলিপনগর কবিরাজপাড়া এলাকার বাবুল কবিরাজের ছেলে। সামিরুল একই গ্রামের কুমির উদ্দিনের ছেলে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে ইউসুফ, সামিরুলসহ কয়েকজন বন্ধু পদ্মার চরে ফুটবল খেলছিলেন। এ সময় ফুটবল পদ্মা নদীতে পড়লে সামিরুল, ইউসুফ ও আরেকজন নদীতে নেমে ফুটবল তুলতে যান। তখন পদ্মার পানির প্রবল স্রোতে ইউসুফ ও সামিরুল তলিয়ে যান। অন্যজন সাঁতরে তীরে ওঠেন। খবর পেয়ে স্থানীয় লোকজন নৌকা নিয়ে তাঁদের উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। পরে ভেড়ামারা ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তবে কোনো ডুবুরি না থাকায় তারা কোনো অভিযান চালাতে পারেনি।

ভেড়ামারা ফায়ার সার্ভিসের কর্মকর্তা প্রবীর কুমার দেবনাথ প্রথম আলোকে বলেন, পদ্মা উত্তাল। বৃষ্টি হচ্ছে। পানির প্রবল স্রোতের কারণে স্থানীয়ভাবে উদ্ধার অভিযান চালাতে সমস্যা হচ্ছে। খুলনা থেকে ডুবুরি আসছে। তাঁরা সন্ধ্যা ছয়টার মধ্যে ঘটনাস্থলে পৌঁছানোর কথা রয়েছে। এরপর মূল উদ্ধার অভিযান শুরু হবে।